২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় মাড়িয়ে লরি দোকানে, স্টকহোমে নিহত ৪

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ব্যস্ত বিপণীবিতান এলাকায় ভিড়ের ওপর দিয়ে চালিয়ে একটি লরি একটি ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে পড়ার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 08:08 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

শুক্রবারের এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করা হচ্ছে বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন ।

তিনি বলেছেন, দেশ হামলার শিকার হয়েছে এবং সবকিছু থেকে এ আভাসই পাওয়া যাচ্ছে যে, সন্ত্রাসী হামলা হয়েছে।

ছিনতাই করা বিয়ার বহনকারী একটি ট্রাক দিয়ে স্টকহোমের ড্রনিংয়েটেনে (কুইন স্ট্রিটে) হামলাটি চালানো হয়েছে। এ হামলা সঙ্গে জড়িত সন্দেহে ধূসর হুডি পরা এক ব্যক্তির ছবি প্রকাশের পর স্টকহোমের উত্তরাংশ থেকে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। 

সুইডেনের রাষ্ট্রীয় ব্রডকাস্টার এসভিটির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকা দ্বিতীয় আরেক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো। তবে দ্বিতীয় আরেকজনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী লোফভেন বলেছেন, “আমাদের বার্তা সবসময়ই পরিষ্কার: তোমরা আমাদের পরাজিত করতে পারবে না, তোমরা আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমরা কখনোই জয়লাভ করবে না।” 

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

ঘটনার পর সুইডেন সীমান্তে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরো হামলাকারীর জড়িত থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।  

দিনের শুরুর দিকে লরিটি ছিনতাই হয়েছিল বলে জানিয়েছে গাড়িটির মালিক কোম্পানি।

সুইডিশ মদ বিক্রয় কোম্পানি স্পেনড্রাপস বলেছে, রেস্তোঁরায় মাল চালান দেওয়ার সময় ট্রাকটি ছিনতাই হয়।

স্পেনড্রাপসের মুখপাত্র টিটি বার্তা সংস্থাকে বলেন, “গাড়ির চালক মাল খালাস করার সময় কেউ একজন লাফ দিয়ে চালকের আসনে বসে পড়ে গাড়িটি চালিয়ে নিয়ে যায়।”

স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা একটি ট্রাক ডিপার্টমেন্ট স্টোরের জানালায় ধাক্কা মেরে ঢুকে পড়তে দেখেন। এরপরই মানুষজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা।

ঘটনার সঙ্গে সঙ্গে সিটি সেন্টারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। যে যেখানে অবস্থান করছে তাকে সেখানেই থাকার আহ্বান জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঘন্টা দুয়েক সবকিছু বন্ধ থাকার পর যানবাহন চলাচল আবার শুরু হয়।

গতবছর ইউরোপে মানুষের ভিড়ের মধ্য দিয়ে ট্রাক কিংবা কার চালানোর কয়েকটি ঘটনা ঘটেছে। ২০১০ সালে আল কায়েদা তাদের অনুসারীদেরকে ট্রাককে হামলার অস্ত্র হিসাবে ব্যবহারের আহ্বান জানিয়েছিল।

২২ মার্চে লন্ডনে পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয় এক হামলাকারী। এতে চারজন নিহত হয়। এরপর হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয় এক পুলিশ। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

গত জুলাইয়ে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে লোকজনের ওপর ট্রাক হামলায় ৮৬ জন নিহত হয়, এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

গত ডিসেম্বরে এরকমই আরেকটি হামলার ঘটনা ঘটেছে বার্লিনে,  ওই হামলায় একটি ট্রাক বড়দিনের বাজারে ঢুকে পড়লে মোট ১২ জন নিহত হয়।