মুসলিমরা হবে ‘দ্রুততম ক্রমবর্ধমান’ সম্প্রদায়: পিউ
অন্যসব ধর্মীয় জনগোষ্ঠিকে পেছনে ফেলে ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান সম্প্রদায়ে পরিণত হবে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের ওই গবেষণায় বলা হয়েছে, মুসলিম পরিবারগুলোতে সন্তান জন্মের হার আগামী দুই দশক ধরে অব্যাহত থাকলে ২০৩৫ সালে তা খ্রিস্টান তরুণ সম্প্রদায়কে অতিক্রম করে যাবে।
বছরের পর বছর ধরে ক্রমবর্ধমান সম্প্রদায় হিসেবে বিবেচিত হওয়া খ্রিস্টান পরিবারগুলো ২০৩০ থেকে ২০৩৫ এর মধ্যে ২২৪ মিলিয়ন শিশুর জন্ম দেবে বলে গবেষণায় ধারণা করা হচ্ছে। একই সময়ে মুসলমান পরিবারগুলোতে আসবে অন্তত ২২৫ মিলিয়ন শিশু।
অবশ্য তখনো সারাবিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা অন্যদের চেয়ে বেশিই থাকবে বলে পিউ রিসার্চের তথ্য।
পিউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৫-র মধ্যে সারাবিশ্বে যত শিশু জন্মেছে তার ৩১ শতাংশই মুসলিম; যা বিশ্বের বর্তমান জনগোষ্ঠীর ২৪ শতাংশ মুসলমানের সংখ্যা সামনে যে আরও বাড়াবে তার ইঙ্গিত।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে বয়সজনিতসহ বিভিন্ন কারণে খ্রিস্টানদের মৃত্যুর হার বাড়ছে; যা মোট মৃত্যুর ৩৭ শতাংশ বলে পিউ’র গবেষণায় উঠে এসেছে।
সাব-সাহারান আফ্রিকার খ্রিস্টানরা তুলনামূলক কমবয়সী, অন্যান্য অঞ্চলের চিত্রটি এরকম নয়। এ কারণে মুসলমানদের সঙ্গে তাদের সংখ্যার পার্থক্য কমে আসছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এই ধারা অব্যাহত থাকলে ২০৫৫ থেকে ২০৬০ এর মধ্যে বিশ্বে মুসলমান ও খ্রিস্টান জনসংখ্যার ব্যবধান ৬০ লাখের নিচে নেমে আসবে। ওই সময়ের মধ্যে জন্ম নেওয়া প্রতি দশ শিশুর ৭টিই হয় মুসলমান নয় খ্রিস্টান পরিবারে জন্ম নেবে বলেও গবেষণা প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।
যারা কোনো ধর্মের সঙ্গেই সংশ্লিষ্ট নন তাদের পরিবারগুলোতেও সন্তানের সংখ্যা কমে যাচ্ছে বলে জানিয়েছে পিউ।
বর্তমানে বিশ্বের মোট জনগোষ্ঠীর ১৬ শতাংশ কোনো ধর্মের সঙ্গেই সংশ্লিষ্ট নন। অথচ নতুন জন্ম নেওয়া শিশুর মাত্র ১০ শতাংশের মায়েরা ধর্মে বিশ্বাসী নন বলে তাদের প্রতিবেদনে উঠে এসেছে।
