২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের কাছে ছয় দশমিক এক মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2017, 01:49 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার সকালে শহরটির ৭৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইরানের গণমাধ্যমও ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে ভূমিকম্পটি হয় এবং এতে মাশহাদ ও আশপাশের অন্যান্য শহর কেঁপে ওঠে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা তাসনিম ভূমিকম্পে ওই এলাকার টেলিফোন লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানিয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে শহরের বিভিন্ন ভবন ও রাস্তাগুলোতে গভীর ফাটল দেখা গেছে।

বার্তা সংস্থা আইআরএনএ জরুরি বিভাগের মুখপাত্র মোজতাবা খালেদির বরাতে জানিয়েছে, ছোট শহর ও গ্রামগুলোতে বহু মানুষ হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেড ক্রিসেন্ট ও জরুরি বিভাগের দলগুলোকে আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।