২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার পাতাল রেলে বিস্ফোরণ ‘সন্ত্রাসী হামলা’

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে মেট্রো ট্রেনে বিস্ফোরণের ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 10:47 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

শহরের মাঝামাঝি অংশে সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে ট্রেনের একটি বগিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোণের কারণ একটি বোমা ছিল বলে জানায় ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।

পরে অন্য একটি স্টেশনে আরেকটি বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়া যায় এবং সেটি নিস্ক্রিয় করা হয়। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। তবে অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। জাতীয় সন্ত্রাস-বিরোধী কমিটির এক মুখপাত্র বলেছেন, এ পর্যন্ত আমরা একটি বিস্ফোরক ডিভাইসের কারণে বিস্ফোরণ ঘটার কথা বলেছি। তবে ঠিক কি কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি এখনও নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগের বোমা বিশেষজ্ঞরা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বিস্ফোরণের কারণ সন্ত্রাসসহ অন্য অনেক কিছুই হতে পারে এবং সব সম্ভবনাই খতিয়ে দেখা হচ্ছে বলার পর প্রধানমন্ত্রী মেদভেদেভ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করলেন। বিস্ফোরণের সময় পুতিন সেন্ট পিটার্সবুর্গে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

অন্য একটি স্টেশন প্লোশাড ভোসতানিয়ায় আরেকটি বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার ঘটনায় এ ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে হামলাটি ইচ্ছাকৃতভাবেই চালানো হয়েছে।

রাশিয়ার কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনে ফেলে যাওয়া একটি ব্রিফকেস থেকে বিস্ফোরণ ঘটেছে। প্রথমে  দুটি বিস্ফোরণের কথা বলা হলেও পরে একটি বিস্ফোরণ ঘটার কথা জানায় সন্ত্রাস বিরোধী কমিটি।

ট্রেনের চালক গাড়ি না থামিয়ে পরের স্টেশন পর্যন্ত এগিয়ে যাওয়ার কারণে হতাহতের সংখ্যা কম হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক তদন্ত কর্মকর্তা।

কর্মকর্তারা হতাহতের যে হিসাব দিয়েছেন তাতে হেরফের দেখা গেছে। সর্বশেষ তথ্যে স্বাস্থ্যমন্ত্রী ১০ জন নিহত হওয়ার কথা জানান। এর মধ্যে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়। একজন মারা যায় এম্বুলেন্সে এবং ২ জন হাসপাতালে। আহত হয় ৩৭ জন।

ঘটনার পর সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেল নেটওয়ার্ক এখন বন্ধ রাখা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মস্কোর মেট্রো কর্মকর্তারা।

সেন্ট পিটার্সবুর্গে বিশ্বের অন্যতম ব্যস্ত  এ মেট্রো রেল ব্যবস্থায় প্রতিদিন ২০ লাখেরও বেশি যাত্রী চলাচল করলেও সেখানে এর আগে হামলার ঘটনা ঘটেনি।

তবে রাশিয়ার অন্যান্য পরিবহণ ব্যবস্থায় হামলা হওয়ার ইতিহাস আছে। যেমন মস্কোর মেট্রো ব্যবস্থায় ২০১০ সালের জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৩৮ জন নিহত হয়।

এর এক বছর পর মস্কো ও সেন্ট পিটার্সবুর্গের মধ্যে চলাচলকারী দ্রুতগতির একটি ট্রেনে বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়। দুটো হামলারই দায় স্বীকার করেছিল ইসলামিক গোষ্ঠীগুলো।