মিয়ানমারে উপনির্বাচনে প্রায় অর্ধেক আসনে জয়ী সু চির দল
মিয়ানমারের উপ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে জয়ী হয়েছে নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ১৯ আসনের মধ্যে দলটি পেয়েছে নয়টি আসন।
২০১৫ সালে নির্বাচনের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে সু চির দল এনএলডি, যার মধ্য দিয়ে দেশটিতে অর্ধ শতকের সেনা কর্তৃত্বের অবসান হয়।
যদিও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতি এবং আদিবাসী সশস্ত্র দলগুলোর সঙ্গে লড়াই বেড়ে যাওয়ার কারণে শুরু থেকেই সু চির দলকে দেশে এবং আন্তর্জাতিক মহলে সমালোচিত হতে হচ্ছে।
শনিবারের নির্বাচন ছিল সু চির দলের জন্য জনপ্রিয়তার প্রথম পরীক্ষা।
এ সপ্তাহের শুরুতে টেলিভিশনে এক ভাষণে সুচি দেশের সংস্কার ও উন্নয়নের ধীরগতির কথা স্বীকার করে নেন।
তবে তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রদায়িক লড়াইয়ের অবসানই তার দলের মূল লক্ষ্য।
উপ-নির্বাচনে সুচির দল প্রায় অর্ধেক আসন পেলেও এ নির্বাচনের ফল দেশটির পার্লামেন্টে ক্ষমতার ভারসাম্যে তেমন প্রভাব ফেলবে না।
কারণ, পার্লামেন্টে এনএলডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল।
