পাকিস্তানে মাজারের খাদেমের হাতে ২০ জন খুন
পাকিস্তানের সারগোধা শহরে এক মাজারের খাদেম ও তার সহযোগীদের হাতে তিন নারীসহ ২০ মুরিদ খুন হয়েছেন।
রোববার ভোররাতের এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ ও ডননিউজ।
সারগোধার ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, সুফি সাধক আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি ব্যবহার করে ওই মুরিদদের হত্যা করেছেন।
তিনি আরো জানান, ওয়াহেদ গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।
চাট্টা জানান, সারগোধার জেলা হাসপাতালে হাজির হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকাণ্ডের খবর দেন।
আহত হয়েও যে তিনজন ঘটনাস্থল থেকে পালাতে পেরেছেন তিনি তাদের একজন। তার দেওয়া তথ্যের সূত্রধরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওয়াহেদ ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।
মাজারের আশপাশ থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
