নির্বাচনে রুশ হস্তক্ষেপের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে মার্কিন সিনেট
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখার অঙ্গীকার করেছেন কংগ্রেসের সিনেট গোয়েন্দা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা।
এ তদন্তে ২০ জনকে জেরা করা হবে এবং সিনেটের প্রথম শুনানি শুরু হবে বৃহস্পতিবারই।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির ঠিক একইরকম তদন্ত দলীয় মতবিরোধ এবং বাকবিতন্ডার কারণে পন্ড হওয়ার পর সিনেট বিষয়টি পরিপূর্ণভাবে তদন্তের এ প্রতিশ্রুতি দিল।
সিনেট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিচার্ড বার এবং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার এক যৌথ সংবাদ সম্মেলনে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।
ওয়ার্নার বলেন, বৃহস্পতিবারের শুনানিতে এটিই খতিয়ে দেখা হবে যে, যুক্তরাষ্ট্রে ভ্রান্ত তথ্য কিংবা গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ভোটারদের জন্য ভুয়া সংবাদ ছড়াতে রাশিয়া প্রযুক্তি ব্যবহার করে থাকলে তা কিভাবে করেছে।
বার এবং ওয়ার্নার দুইজনই জানিয়েছেন, তাদের ২০ জন প্রত্যক্ষদর্শী আছে। যাদের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং ইতোমধ্যে ৫ জনের সাক্ষাৎকার নেওয়ার শিডিউলও করা হয়ে গেছে।
এর মধ্যে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা কুশনারও। তাকে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি স্বেচ্ছায়ই কথা বলতে রাজি হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
আর বৃহস্পতিবার যাদের সাক্ষ্য নেওয়া হবে তাদের মধ্যে আছেন জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরিচালক কেইথ অ্যালেক্সান্ডার। বরখাস্ত হওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনেরও সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তবে বিষয়টি এখনও স্থির হয়নি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, নির্বাচনে রাশিয়ার হ্যাকাররা হিলারি ক্লিনটনকে পরাজিত করে ট্রাম্পকে জয়ী করতে ভূমিকা রেখেছে।
রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে; আর ট্রাম্প একে ‘মিথ্যা গল্প’ অ্যাখ্যা দিয়েছেন।
সিনেট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিচার্ড বার বলেছেন, “আমরা তদন্তের যে পর্যায়ে আছি সেখান থেকে একটি উপসংহার টানতে মরিয়া। কিন্তু কোনও উপসংহার টানার আগে আমরা বিষয়টির আরেকটু গভীরে যেতে চাই। আমরা এখন স্পষ্টত একাজটিই করতে চাইছি।”
