পাকিস্তানে প্রফেসর আব্দুস সালামের ভাই গুলিতে নিহত
নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি পদার্থ বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালামের এক চাচাতো ভাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে দেশটির নানকানা সাহিব শহরে অ্যাডভোকেট মালিক সালিম লতিফকে হত্যা করা হয় বলে জানিয়েছে ডন নিউজ।
আহমদিয়া সম্প্রদায়ের সদস্য লতিফ নানকানা শহরের জামাত ই আহমদিয়ার নেতা ছিলেন।
ছেলে অ্যাডভোকেট ফারহানের সঙ্গে মোটর বাইকে করে তিনি স্থানীয় আদালতে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
ফারহান জানিয়েছেন, হামলাকারীরা তাদের লক্ষ্য করে পেছন দিক থেকে গুলি চালিয়েছে।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র সালিম উদ্দিন অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনীর জঙ্গি বিরোধী ‘জারব ই আজব’ ও ‘রাদ্দুল ফাসাদ’ অভিযান ঠিকমতো চালানো হচ্ছে না। গত বছর স্থানীয় ও পাকিস্তানের জাতীয় সংবাদপত্রগুলোতে আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে এক হাজার ৭০০ বিজ্ঞাপন ছাপা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
