২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে নাইজেরীয় ছাত্রদের ওপর হামলা, নিন্দার ঝড়

অতিরিক্ত মাদক সেবনের ফলে এক কিশোরের মৃত্যুর জেরে উত্তপ্ত ভারতে দিল্লির উপকণ্ঠ গ্রেটার নয়ডা। এলাকার আফ্রিকান অধিবাসী বিশেষত, নাইজেরীয় ছাত্ররা এ মৃ্ত্যুর জন্য দায়ী বলে অভিযোগ স্থানীয়দের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

এ ঘটনার জেরে সোমবার একদল জনতা নাইজেরিয়ার পাঁচ শিক্ষার্থীর উপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। এছাড়া, একটি শপিংমলের ভেতর নাইজেরিয়ার আরও এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।

শপিংমলে হামলার ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করা হয়। ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে।

বিবিসি জানায়, নয়ডায় স্থানীয় মাদকের ‘ওভারডোজ’ এর কারণে মারা যাওয়া কিশোরের বাবা-মায়ের অভিযোগ, নাইজেরিয়ার শিক্ষার্থীরাই তাকে মাদক সরবরাহ করেছে।

হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও হামলার ঘটনার ‘নিরপেক্ষ’ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

সুষমা বিবিসি’কে বলেন, এ বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তার কথা হয়েছে এবং আদিত্যনাথ তাকে অনাকাঙ্খিত এ ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

হামলার শিকার নাইজেরীয় শিক্ষার্থীর দাবি, রড, ইট ও ছুরি নিয়ে তার ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, “ওই সময় কেউ আমার সাহায্যে এগিয়ে আসেনি। এমনকি কেউ পুলিশে পর্যন্ত খবর দেয়নি।”

আফ্রিকান অনেক ছাত্রই দিল্লির উপকণ্ঠ গ্রেটার নয়ডায় থাকে। তাদের ওপর হামলার ঘটনা বেড়ে চলায় উদ্বেগ দেখা দিয়েছে।

হামলার পর অ্যাসোসিয়েশন অব আফ্রিকান স্টুডেন্টস অব ইন্ডিয়া নয়ডায় বসবাস করা আফ্রিকান শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে। এমনকি আপাতত তাদের ক্লাসে অংশ নিতেও নিষেধ করা হয়েছে।