২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনারা অনলাইনে নারী সহকর্মীর নগ্ন ছবি ছড়ায়: প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব বিভাগের সদস্যরা তাদের নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 03:55 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

গত সপ্তাহে প্রকাশিত মার্কিন নৌবাহিনীর তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ও সাবেক উভয় সেনা সদস্যরাই ফেইসবুকে নারী সহকর্মীদের নগ্ন ছবি শেয়ার করে।

পেন্টাগন এ ধরণের আচরণকে তাদের মূল্যবোধের সঙ্গে ‘সংগতিহীন’ বলে বর্ণনা করেছে।

বিবিসি জানায়, নারী সহকর্মীদের নগ্ন ছবি শেয়ার করতে পুরুষ সেনা সদস্যরা বেনামে ছবি জমা করার ওয়েবসাইট ‘অ্যানন-আইবি’ তে একটি ম্যাসেজ বোর্ড ব্যবহার করে।

বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রথমে নারী সেনাসদস্যদের অনলাইন পাতা থেকে ছবি নিয়ে ম্যাসেজ বোর্ডে পোস্ট করে এবং অন্যদের জিজ্ঞাসা করে, তাদের কাছে ওই নারী সেনার কোনো নগ্ন ছবি আছে কিনা? তাদের ভাষায় যেটা ‘উইনস’। তারপর অন্যরা ছবি পোস্ট করে।

কখনও কখনও নারী সেনাদের ছবির পাশাপাশি তাদের নাম, কোথায় দায়িত্বরত এবং অন্যান্য বিস্তারিত তথ্যও দেয়া হয়।

এর আগে একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ফেইসবুকে মার্কিন নৌসেনারা এক কাজ করে।

এ কাণ্ড জানাজানি হয়ে যাওয়ার পর ফেইসবুকে ‘মেরিন ইউনাইটেড’ নামে প্রায় ৩০ হাজার সদস্যের একটি গ্রুপের কার্যক্রম সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান জেনারেল রবার্ট নেলার এ কাণ্ডকে ‘বিব্রতকর’ বর্ণনা করে বলেন, “যখন আমি নৌসেনাদের বিরুদ্ধে তাদেরই সহকর্মীদের অসম্মানিত করার অভিযোগের কথা শুনতে পেলাম তখন আমি ভীষণ বিব্রত বোধ করছিলাম। আমার বিশ্বাস একজন সত্যিকারের বীর বা যোদ্ধা এ ধরণের আচরণ করতে পারেন না।” 

যদিও অ্যানন-আইবি ওয়েবসাইটে এখনও ওই ম্যাসেজ বোর্ডটি আছে এবং যে কেউ প্রবেশ করতে পারছে। যা যুক্তরাষ্ট্রের পুরো সেনাবাহিনীর সদস্যদের এ কাণ্ডে সংশ্লিষ্টতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে বিবিসি।

১২ সেপ্টেম্বর অজ্ঞাতনামা একটি পোস্ট থেকে বলা হয়, “রাইট প্যাট (ওহিওর রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেইস) এর কারো উইনস আছে? আমি একজনকে দিয়ে শুরু করবো।”

এরপর তিনি তার তোলা বিকিনি পরা এক নারীর ছবি পোস্ট করেন। তারপর ওই নারীর অর্ধনগ্ন ছবি পোস্ট করেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যৌন হয়রানি ও মানসিক বিকার’ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তারা একটি ‘নীতি নির্দেশিকা’ দেবে।