আল-বাবের বেশিরভাগই আইএস দখলমুক্ত: তুরস্ক
তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীরা ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে আল-বাব শহরের বেশিরভাগ অংশেরই দখল নিয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, “আল-বাবের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সন্ত্রাসী সংগঠনগুলোকে তাদের নিয়ন্ত্রিত এলাকা দিয়ে করিডোর সৃষ্টি করে তুরস্কে প্রবেশ আটকানোই আমাদের মূল লক্ষ্য।”
গত বছর অগাস্ট থেকে তুরস্কের বিশেষ বাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে।
‘ইউফ্রেতিস শিল্ড’ নাম দেওয়া ওই অভিযানের মাধ্যমে আঙ্কারা তুরস্ক সীমান্ত থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার পাশাপাশি কুর্দি মিলিশিয়াদের অগ্রযাত্রাও প্রতিরোধ করতে চাইছে।
গত কয়েক সপ্তাহ ধরে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা আল-বাব শহর নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। রাশিয়ায় সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনীও আল-বাব শহরের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হয়েছে। যার ফলে দুই দলের মুখোমুখি হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
