২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কড়া নিন্দায় পেন্টাগন

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে পেন্টাগন বলেছে, প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Feb 2017, 02:39 AM

Updated : 11 Apr 2022, 11:00 PM

ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর সোমবার পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস সাংবাদিকদের বলেন, বেআইনি অস্ত্র পরীক্ষা কর্মসূচি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

“উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধের যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, এবং আমাদের মিত্র দেশ ও তার নাগরিকদের যেকোনো সন্ত্রাসী হুমকি থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।”

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা মাঝারি থেকে দূর পাল্লায় আঘাতে সক্ষম একটি নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে জাপান সাগরের পূর্ব অংশে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বলে দাবি করেছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শুরুর পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

ডেভিস বলেন, “সব দেখে মনে হচ্ছে, এটি অন্তর্বর্তী পরিসীমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ভূমিতে আঘাতে সক্ষম এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এর আগেও চালিয়েছে দেশটি।”  

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।

বছরের শুরুতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ শিগগিরই নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময় যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্ক করে বলেছিলেন, উত্তর কোরিয়া তেমন কিছু ঘটালে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে দেরি করবে না।

উত্তরের হুমকি মোকাবেলায় এ বছরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোরও ঘোষণা দেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আভাস দিয়ে বলেছিল, তাদের এ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের সীমানায় আঘাত হানতে সক্ষম।

২০১৬ এর সেপ্টেম্বরে দেশটি পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর কথা জানায়। বিশেষজ্ঞরা সে সময় বলেছিল, উত্তর কোরিয়া দাবি করলেও তাদের প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মত সক্ষমতা অর্জন করেনি।