২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘতম সময়ের ফ্লাইট শুরু করল কাতার এয়ারওয়েজ

দীর্ঘতম সময়ের সরাসরি ফ্লাইট চালু করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের রাজধানী দোহা থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাত্রা করেছে বিমান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Feb 2017, 10:37 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের বাণিজ্যিক ফ্লাইট হতে চলেছে এটি। রোববার থেকে কাতার এয়ারওয়েজ এ সেবা শুরু করল।

দোহার হামেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইট কিউআর৯২০ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অকল্যান্ডে পৌঁছাবে বলে এয়ারলাইন কোম্পানিটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

দোহা থেকে বিমানটির অকল্যান্ডে পৌঁছাতে মোট ১৬ ঘণ্টা ২০ মিনিট এবং ফিরতি পথে ১৭ ঘণ্টা ৩০ মিনিট লাগবে বলে জানিয়েছে ফ্লাইটরাডারটোয়েন্টিফোর ওয়েবসাইট।

আকাশপথে এটিই হবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পথের বিমান যাত্রা।

নতুন এই সেবায় কাতার এয়ারওয়েজ বোয়িং৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করছে।

গত এক দশক ধরে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে জ্বালানির আরও কার্যকর ব্যবহার করে এত লম্বা পথে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।

এর আগে সবচেয়ে দীর্ঘপথের ফ্লাইট ছিল এমিরেটস এয়ারলাইন্সের। ২০১৬ সালের মার্চ থেকে তারা দুবাই-অকল্যান্ড সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে।