২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন নিয়ে রাশিয়ার কড়া নিন্দায় ট্রাম্পের রাষ্ট্রদূত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মত হাজির হয়েই ইউক্রেইন নিয়ে রাশিয়াকে কড়া কথা শুনিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 07:50 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

ইউক্রেইনের সার্বভৌমত্বকে সম্মান করে চলার ব্যাপারে তিনি রাশিয়াকে হুঁশিয়ার করে দেন এবং পূর্ব ইউক্রেইনে সহিংসতা প্রশমনের ডাক দেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বরাবরই ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারিত্বের নিন্দা জানিয়ে আসছে এবং এর অবসান দাবি করেছে।”

“ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেইনের অংশ। সেটি রাশিয়া ইউক্রেইনকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত মস্কোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

পূর্ব ইউক্রেইনে হঠাৎ করে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘে জরুরি এক বৈঠকে হ্যালি কথাগুলো বলেন বলে জানিয়েছে সিএনএন।

পূর্ব ইউক্রেইনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়ছে ইউক্রেইনের সেনাবাহিনী। সম্পতি সেখানে কয়েক সপ্তাহের লড়াইয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। গোলা হামলা এবং হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন রাষ্ট্রদূত হ্যালি ইউক্রেইন পরিস্থিতি নিয়ে যা বলেছেন তা রাশিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্টতই আলাদা।

হ্যালির এ বক্তব্য সম্পর্কে হোয়াইট হাউস আগে থেকেই জানত বলে সিএনএন’কে বৃহস্পতিবার জানান কয়েকজন কর্মকর্তা। হ্যালি তার বক্তব্যের ব্যাপারে হোয়াইট হাউস থেকে কোনও নির্দেশনা পাননি এবং এমন বক্তব্য না রাখার জন্যও তাকে কিছু বলা হয়নি।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় রাশিয়ার ক্রিমিয়া দখল করে নেওয়ার বিষয়টিকে স্বীকৃতি দেবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি দায়িত্ব নেওয়ার আগে পরেও নির্বাচনে হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে রাশিয়ার নিন্দা করতে ট্রাম্পের অস্বীকৃতি এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তীব্র সমালোচনা তার সঙ্গে মস্কোর সম্পর্ক থাকা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।