ইসরায়েলের বসতিস্থাপন নিয়ে হোয়াইট হাউসের উল্টো সুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের মাত্র দু’সপ্তাহ আগে দেশটির ইহুদি বসতি সম্প্রসারণ নিয়ে উল্টো সুরে কথা বলেছে হোয়াইট হাউস।
এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, “অধিকৃত অঞ্চলে ইসরায়েলের নতুন বসতিস্থাপন হয়ত ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রচেষ্টায় সহায়ক হবে না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইসরায়েলের বসতিস্থাপন নিয়ে তার কোনও আপত্তি নেই বলে যে ইঙ্গিত দিয়েছিলেন, এ বক্তব্য তার থেকে ভিন্ন।
বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, “আমরা বিদ্যমান বসতিগুলোকে শান্তির পথে বাধা মনে করি না। তবে নতুন নতুন বসতিস্থাপন কিংবা বিদ্যমান বসতিগুলো সীমানার বাইরেও সম্প্রসারণ করাটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সহায়ক নাও হতে পারে।”
ইসরায়েলের কট্টর ডানপন্থিরা হোয়াইট হাউসের এ বক্তব্যে হতাশ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, তাদের আশা ছিল প্রেসিডেন্ট ট্রাম্প অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবাধে দ্রুত বসতিস্থাপনের সবুজ সঙ্কেত দেবেন।
যুক্তরাষ্ট্রের এ অবস্থান পরিবর্তনের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, বিষয়টি নিয়ে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকে কথা হবে। তাছাড়া, ইসরায়েল সবসময় সবকিছু মেনেও নেবে না।
পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপনের বিষয়টিই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ায় সবচেয়ে কণ্টকাকীর্ণ ইস্যু।
পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অধিকৃত অঞ্চলের প্রায় ১৪০ টি বসতিতে বাস করে ৬ লাখেরও বেশি ইহুদি।
আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের এ বসতিস্থাপন অবৈধ। যদিও ইসরায়েল তা অস্বীকার করে আসছে।
