২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের শহরে শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে শরণার্থী এবং সাতটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে যুক্তরাজ্যে লন্ডনসহ অন্য আরও শহরে শহরে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jan 2017, 09:49 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

‘ট্রাম্প নিপাত যাক’, ‘আমরা মুসলিমদের পাশে রয়েছি,’- এমন সব স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে সোমবার প্রধানমন্ত্রী টেরিজা মে’র বাসভবন ডাউনিং স্ট্রিটের বাইরে বিক্ষোভ করে মানুষ।

টেরিজা মে’ ই প্রথম বিশ্ব নেতা যিনি সদ্য ওয়াশিংটন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসেছেন এবং তাকে ব্রিটেন সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

বিক্ষোভকারীরা একারণে মে’ কে ধিক্কার দিয়ে স্লোগান দিয়েছে। যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর ঠেকাতে এরই মধ্যে পিটিশন সই করেছে ১০ লাখের বেশি মানুষ।

“ট্রাম্প ক্ষমতা নেওয়ার মাত্র ১০ দিনেই এত বদলে যাবেন এমনটি আশাই করিনি”, বলেন এক বিক্ষোভকারী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী মে’র ওয়াশিংটন সফরের পরপরই ট্রাম্প অভিবাসন সংক্রান্ত আদেশ দেন। এতে করে ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক গড়ার যে প্রচেষ্টা মে’ দেখাচ্ছিলেন তা বিফলে গেছে।

তাছাড়া, ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করতে মে’র গড়িমসিতেও মানুষ ক্ষুব্ধ হয়েছে।

“সবজায়গায়, সবখানে সবার অধিকারের পক্ষে মে সোচ্চার কিনা তা নিশ্চিত হতেই আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে,” বলেন এক বিক্ষোভকারী। প্রধানমন্ত্রী ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে যথেষ্ট প্রতিবাদ করেননি বলেই মনে করছে অনেকে।