কানাডায় মসজিদে ঢুকে গুলি, নিহত ৬
কানাডার কুইবেক সিটির একটি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছে বন্দুকধারীরা; আহত হয়েছেন আরও আটজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের একটি মসজিদে যখন এ ঘটনা ঘটে, তখন সেখানে এশার নামাজে জড়ো হয়েছিলেন জনা চল্লিশেক লোক। অন্তত তিনজন অস্ত্রধারী তাদের ওপর গুলি চালায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে মুসলমানদের ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করার কথা জানালেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে মসজিদের বাইরে পুলিশের তৎপরতা দেখা যায়।
গুলির ঘটনা যখন ঘটে, মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহামেদ ইয়াংগুই তখন সেখানে ছিলেন না। রয়টার্সকে তিনি বলেন, “এটা এখানে কেন ঘটল? এটা বর্বরতা ছাড়া আর কী!”
ইয়াংগুই প্রাথমিকভাবে অন্তত পাঁচজনের নিহত হওয়ার কথা জানালেও পুলিশ পরে ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
গতবছর জুনে ওই মসজিদের দরজার সামনে র্যাপিং পেপারে মোড়া একটি শুয়োরের মাথা ফেলে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
স্থানীয় সংবাদপত্র লো সোলেইল জানিয়েছে, হামলাকারীদের একজনের বয়স ২৭ বছর এবং সে স্থানীয় বাসিন্দা বলে পত্রিকাটি জানতে পেরেছে। হামলাকারীদের আরেকজনের কাছে একটি একে ৪৭ থাকার কথা বলেলে লো সোলেইল। তবে পুলিশ এসব তথ্য নিশ্চিত করতে পারেনি।
কুইবেক প্রাদেশিক সরকারের প্রধান ফিলিপ কুইলা এই বর্বর হামলার নিন্দা জানিয়ে স্থানীয় মুসলমানদের পাশের থাকার ঘোষণা দিয়েছেন।
রয়টার্স লিখেছে, আফ্রিকা থেকে আসা মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় সাম্প্রতিক সময়ে কুইবেকের পুরনো বাসিন্দাদের মধ্যে ইসলামোফোবিয়া বাড়ছে। ২০০৫ সালের নির্বাচনে কানাডার ফেডারেল নির্বাচনে মুসলমান নারীদের নিকাব পড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২০১৫ সালে অন্টারিওর একটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়। প্যারিসে জঙ্গি হামলার একদিন পর কানাডায় ওই ঘটনা ঘটে।
কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের ওই মসজিদে প্রায়ই নামাজ পড়তে আসা মোহাম্মেদ ওউদগিরি বলেন, তিনি কুইবেকে আছেন ৪২ বছর ধরে। কিন্তু ইদানিং তিনি দুশ্চিন্তায় ভুগছেন এবং মরক্কোয় পিতৃপুরুষের ভিটায় ফিরে যাওয়ার কথা ভাবছেন।
