ট্রাম্প-মে বৈঠক: নেটো-রাশিয়া-বাণিজ্য নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। নেটো, রাশিয়া ও বাণিজ্যের বিষয়গুলো নিয়ে এ বৈঠকে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা চলবে।
গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর মে’ই প্রথম কোনো বিদেশি নেতা যার সঙ্গে ট্রাম্পের বৈঠক হচ্ছে।
ওয়াশিংটনে এই বৈঠকের আগে মে বলেছিলেন, তিনি দুই দেশের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ পুনঃপ্রতিষ্ঠা করতে চান।
গত বছর ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন ট্রাম্প।
আর গত বছর ২৩ জুন ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার (ব্রেক্সিট) পক্ষে রায় আসার পরদিন পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন টেরিজা মে।
শুক্রবারের বৈঠকের পর হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা।
মে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক স্থাপণ করতে চাইলেও নেটো ও রাশিয়া বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার মত এক নয়।
ট্রাম্প নেটোকে সেকেলে বলে মন্তব্য করেছেন এবং তিনি রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক তৈরিতে আগ্রহী।
অন্যদিকে, মে নেটোকে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সেইসঙ্গে রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তিনি আস্থাহীন।
তবে উভয় নেতাই দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্পর্ক গঠনে আগ্রহ প্রকাশ করবেন বলে মনে করা হচ্ছে।
বৈঠকে ব্রেক্সিটের এ সময়ে নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকার প্রমাণ দিতে চাইবেন মে। আর ট্রাম্প তার ‘ওয়ান-অন-ওয়ান’ বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়নে নিজের আস্থাই তুলে ধরতে চাইবেন।
‘স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ এর ইউরোপ বিশষজ্ঞ হিদার কনলি বলেন, “সাফল্যের জন্য উভয় নেতারই এটা প্রয়োজন।”
“ট্রাম্পের জন্য এটি দেখানো প্রয়োজন যে, এ সব বিষয়ে তিনিই চালকের আসনে আছেন। অন্যদিকে, মে ‘গ্লোবাল ব্রিটেনের’ যে স্বপ্ন দেখছেন তা পূরণে ট্রাম্পের কাছ থেকে দৃঢ় সমর্থন আদায় করা প্রয়োজন।”
ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার রিপাবলিকান এমপিদের মাঝে দেওয়া এক বক্তৃতায় মে বলেন, নেটোর কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তিনিও বোধ করছেন। সেইসঙ্গে নেটোর খরচ নির্বাহে আরও দেশের অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন।
নেটোর বেশিরভাগ খরচ বহন করে যুক্তরাষ্ট্র এবং নেটো নিয়ে ট্রাম্পের মূল আপত্তি এখানেই।
মে বলেন, “যুক্তরাজ্যের সমর্থনে যুক্তরাষ্ট্র নেটোতে নেতার ভূমিকা পালন করছে। অবশ্যই কেন্দ্রে একজন থাকতে হবে, যেটা চারপাশে থাকা সহযোগীরা নির্মাণ করবে।”
“সেইসঙ্গে ইইউ ভূক্ত দেশগুলোকে অবশ্যই এমন পদক্ষেপ নিতে হবে যাতে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তায় নেটো মূল ভিত্তি হিসেবে ভূমিকা রাখে।”
