২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার চেয়ে ঢের সুন্দরী নারী আছে: বিজেপি নেতার মন্তব্য

ভারতের কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তনয়া প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ‘যৌনবৈষম্যবাদী’ মন্তব্য করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা বিনয় কাটিয়ার বলেছেন, উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারণার জন্য প্রিয়াঙ্কার চেয়ে ঢের সুন্দরী নারী আছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 07:42 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

তার কথায়, উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের ‘স্টার ক্যাম্পেইনার’ হিসাবে প্রিয়াঙ্কার নাম করা হচ্ছে। কিন্তু ভোট দলে টানতে তিনি প্রিয়াঙ্কাকে স্টার প্রচারক মনে করেন না। কারণ, তার চেয়েও অনেক সুন্দরী নারী প্রচারক উত্তরপ্রদেশে আছে।

বিনয় কাটিয়ারের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা গান্ধী ‘হা হা হা’ করে হেসে ফেলে এক ট্যুইটারে বলেছেন, “এতেই বিজেপির মনোভাবের প্রকাশ ঘটেছে ৷ নারীদের তারা  কি নজরে দেখে এতেই তা প্রমাণিত ৷”

েএবারে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য জোট বেঁধেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি ৷ আসন সংখ্যা নিয়ে অনেক টানাপোড়নের পর অবশেষে প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যস্থতায় জোট হয় ৷

 এর আগে প্রিয়াঙ্কাকে  সক্রিয় রাজনীতিতে তেমনভাবে দেখা যায়নি ৷ ভোটের আগে তাকে দেখা যেত কেবল মা ও ভাইয়ের নির্বাচনী কেন্দ্রে প্রচারকাজ করতে। তবে এবার উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কাকে সক্রিয়ভাবে প্রচারে দেখা যাওয়ার আশা করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে টাইমস নাও পত্রিকা বিজেপি নেতা কাটিয়ারকে প্রশ্ন করে, তিনি ‘তারকা প্রচারক’ প্রিয়াঙ্কার উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে নামাকে কংগ্রেসের জন্য ভোট দলে টানায় লাভজনক বলে মনে করেন কিনা।

আর এর জবাবেই কাটিয়ার বলেন, “তারকা প্রচারক কি? না, আমি মনে করি না যে এটি কোনও ব্যাপার। আরও আরও অনেক সুন্দরী নারী প্রচারক আছে। নায়িকারা আছে। অনেক সুন্দরী নারী আছে।”

প্রিয়াঙ্কাকে নিয়ে তার এ যৌনবৈষম্যবাদী মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেসের মুখপাত্র আরএস সূর্যওয়ালা বলেন, “তার এ মন্তব্যে ভারতে নারীদের নিয়ে বিজেপি নেতৃত্বের নিচু মানসিকতাই ফুটে উঠেছে। তারা মনে করে তারকা প্রচারক মানে এমন কিছু যাতে একজন নারীকে দেখতে সুন্দর হতে হবে, তার রাজনৈতিক ক্যারিশমাটা কিছু নয়।” এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি।