পশ্চিম তীরে ২,৫০০ বাড়ি অনুমোদন ইসরায়েলের
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরপরই পূর্ব জেরুজালেমে শ’শ’ বাড়ির অনুমোদন দেওয়ার পর এবার অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে আরও ২ হাজার ৫শ’ বাড়ি বানানোর পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল।
বিবিসি জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ওই অঞ্চলে বাড়ি তৈরির প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই তারা এ পদক্ষেপ নিয়েছেন।
ইসরায়েলের এ পরিকল্পনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নতুন করে ব্যাহত হল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য হানান আশরাওই ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয় দফায় ইহুদি বসতি বাড়ানোর এ উদ্যোগ নিল ইসরায়েল।
মঙ্গলবার ইসরায়েলের অনুমোদন পাওয়া নতুন বাড়িগুলোর বেশির ভাগই নির্মাণ করা হবে পশ্চিম তীরের এরিয়েল ৯০২ এবং গিভাত জিভ ৬৫২ এলাকাসহ বিদ্যমান ইহুদি বসতি এলাকাগুলোতে। রামাল্লাহর কাছের বেইত এল এলাকায় নির্মিত হবে ১শ’ বাড়ি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বাড়ি নির্মাণের ঘোষণা দেওয়ার পরই টু্যইটারে বলেন, “আমরা (বসতি) গড়ে তুলছি- এবং নির্মাণকাজ করে যাচ্ছি।”
ইসরায়েলের ইহুদি বসতি গড়ার ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশি সহানুভূতিশীল হওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। ইহুদি বসতির পক্ষ সমর্থনকারী কর্মকর্তাকে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূতও করেছেন তিনি।
ইসরায়েল-ফিলিস্তিন সংকট সামাধানে ট্রাম্প দু’পক্ষের সরাসরি আলোচনায় বসাকে গুরুত্ব দেন এবং এর মধ্য দিয়েই কেবল সমস্যার সমাধান আসতে পারে বলে মনে করেন তিনি। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে বলেও তার বিশ্বাস।
