পার্লামেন্টকে পাশ কাটিয়ে ব্রেক্সিট নয়: ব্রিটিশ সুপ্রিম কোর্ট
পার্লামেন্টে ভোটাভুটি ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাজ্য সরকারের চেষ্টা হাই কোর্টের পর সুপ্রিম কোর্টেও নাকচ হয়ে গেছে।
যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু করার আগে সরকারকে অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
বুধবার এই রায়ের অর্থ হল, প্রধানমন্ত্রী টেরিজা মে পার্লামেন্টের সবুজ সংকেত না পেলে তার নির্বাহী ক্ষমতাবলে লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি প্রয়োগ করে ইইউ থেকে বিচ্ছেদের দর কষাকষি শুরু করতে পারবে না।
অথচ ৩১ মার্চের মধ্যে ওই প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছে মের সরকার।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন লাগলেও এ ব্ষিয়ে স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলস কিংবা উত্তর আয়ারল্যান্ডের অ্যাসেম্বলির অনুমোদনের প্রয়োজন নেই।
গত জুনে ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যের জনগণ জানিয়ে দেয়, ২৮ দেশের ইউরোপীয় পরিবারের সঙ্গে ঘর করতে তারা আর রাজি নয়। তাদের সেই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক গতিধারায় বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে বলে সতর্ক করে আসছেন বিশ্ব নেতারা।
গণভোটে অপ্রত্যাশিত ওই ফলের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যান ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট সঙ্কটে ব্রিটিশ কাণ্ডারির দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির নতুন নেতা টেরিজা মে।
তিনি বলে আসছিলেন, গণভোটের রায় পাওয়ার পর ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির আর প্রয়োজন নেই।
লিসবন ট্রিটি অনুযায়ী, ইইউ সদস্য একটি দেশের সরকারপ্রধানই কেবল আর্টিকেল ৫০ প্রয়োগ করে জোট ছাড়ার আলোচনা শুরু করতে পারেন। সুতরাং নিজের নির্বাহী ক্ষমতা দিয়েই আগামী মার্চে সেই প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছিলেন মে।
কিন্তু ইইউতে থাকার পক্ষে প্রচারাভিযানে থাকা জিনা মিলার নামের এক নারী সরকারের ওই অবস্থান চ্যালেঞ্জ করে আদালতে যান। তার বক্তব্য ছিল, পার্লামেন্টের মত না নিয়ে আর্টিকেল ফিফটি প্রয়োগ করার ক্ষমতা টেরিজা মের নেই।
গত নভেম্বরের শুরুতে মিলারের পক্ষে রায় দেয় যুক্তরজ্যের হাই কোর্ট। রায়ে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর আগে সরকারকে অবশ্যই পার্লামান্টের অনুমোদন নিতে হবে।
ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলেও তাতে ফল বদলায়নি। আপিল বিভাগের আট বিচারকের মধ্যে পাঁচজনের মতের ভিত্তিতে বুধবার যে রায় এসেছে, তাতে বলা হয়েছে, সরকার এমপিদের পাশ কাটিয়ে আর্টিকেল ফিফটি প্রয়োগ করতে পারে না।
রায়ের পর অ্যাটর্নি জেনারেল জেমি রাইট তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সরকার এই রায়ে হতাশ, তবে আদালতের রায় মেনে চলতেই হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, “ব্রিটিশ জনগণ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে এবং সরকার সে অনুযায়ী কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী মার্চের শেষ নাগাদ আর্টিকেল ফিফটি প্রয়োগ করা হবে। আদালতের আজকের রায়ের কারণে কিছু বদলাবে না।”
