তুষার ঝড়ের কবলে ফ্রান্স, জার্মানি
পশ্চিম ইউরোপ জুড়ে চলমান তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, উপড়ে পড়েছে গাছ।
কোথাও কোথাও বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। সড়কগুলো বরফে ঢাকা পড়ায় বিস্তৃত এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
‘ইগন’ নামে পরিচিত এ ঝড়ে ইউরোপ জুড়ে এখন পর্যন্ত ৬৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চল ও নরম্যান্ডিতে দুই লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফ্রান্স ও জার্মানিতে জরুরি কাজে নিয়োজিত দলগুলো মাঠে নেমে পড়েছে।
ফ্রান্সে উপড়ে যাওয়া একটি গাছের নিচে পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু কিছু এলাকায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ফ্রান্সের পর ঝড়ের কবলে পড়ে জার্মানির দক্ষিণাঞ্চলীয় রাইনল্যান্ড, প্যালাটিনেট ও উত্তর ব্যাভারিয়া।অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়।
জার্মানির কয়েকটি সড়কে তুষার ও কালো বরফ মিলে গাড়ি চালকদের জন্য বিভ্রমজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ বিষয়ে চালকদের সর্তক থাকতে বলা হয়েছে।
বলিভিয়ায় একই ধরনের পরিস্থিতিতে দুর্ঘটনায় পড়ে তিন গাড়ি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বেলজিয়াম উপকূলে আকস্মিক বন্যা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্কের পশ্চিমে ভারি তুষারপাত এবং হাড় কাঁপানো শীত পড়েছে।
অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবন বাঁচাতে লড়াই করতে হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী, বুলগেরিয়ায় ঠান্ডায় জমে অনেক শরণার্থীর মৃত্যু হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে শরণার্থীদের দ্রুত অপেক্ষাকৃত ভাল আশ্রয়ে নিয়ে যেতে গ্রিস সরকারকে অনুরোধ করা হয়েছে।
জার্মানিতে লুফথানসার ১২৫টি ফ্লাইট বাতিল হয়ে গেছে।
