২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোতে বিদায়ী ভাষণ দিচ্ছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার রাতে শিকাগোতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 10:25 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

টানা দুই বার নির্বাচিত হয়ে আট বছর প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে এ শেষ ভাষণ দিচ্ছেন ওবামা।

ওবামারেএ ভাষণ শুনতে  প্রচণ্ড শীতের মধ্যে কয়েক হাজার মানুষ উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। ওবামার একনিষ্ঠ ভক্তরা যাদের বেশির ভাগই আফ্রিকান আমেরিকান তারা প্রচণ্ড শীত উপেক্ষা করেও টিকিট সংগ্রহ করেছেন।

শিকাগোই সেই শহর যেখান থেকে ওবামা ২০০৮ এবং ২০১২ সালের নির্বাচনে জয় ঘোষণা করেছিলেন। ফলে বিদায়ী ভাষণ দিতে সেখানেই যাচ্ছেন তিনি।

ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনও শিকাগো যাবেন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে চিরাচরিত রীতি ভেঙেছেন ট্রাম্প। ওবামার সবকিছু উল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক উদারতা মারাত্মক প্রশ্নের মুখে পড়েছে। নজিরবিহীনভাবে ট্রাম্পকে জেতানোর পেছনে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা।

হোয়াইট হাউজ, সিনেট, প্রতিনিধি পরিষদ সবজায়গায় প্রতিকূল অবস্থায় পড়া ডেমোক্র্যাটরা এখন সংগ্রাম করে সংগঠিত হওয়ার চেষ্টায় আছে।

এ পরিস্থিতিতে মেয়াদের শেষ সময়ে প্রায় ৫৫ শতাংশ জনসমর্থন ধরে রাখতে সক্ষম হওয়া ওবামা তার শেষ ভাষণে তাদেরকে সামনের দিনগুলোতে নতুন লড়াইয়ের জন্য মনোবল যোগাতে সক্ষম হবেন বলেই আশা করছেন।

ওবামার বিদায়ী ভাষণ প্রস্তুতকারী প্রধান কর্মকর্তা কডি কেনান বলেছেন, দেশ এখনকার এ সময়ে এসেও আগামীতে কতদূর পর্যন্ত যেতে পারে সেই দুরদৃষ্টিই ওবামা তার বক্তব্যে তুলে ধরবেন।

তার এ ভাষণ ট্রাম্প বিরোধী হবে না বরং একজন রাষ্ট্রনায়কের বক্তব্যের মতই হবে। অনেকটা গল্প বলার মত হবে বলে জানান কডি।