মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের কূটনীতিককে গুলি
মেক্সিকোর গুয়াদালাজারা শহরে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে গুলিতে আহত করেছেন এক বন্দুকধারী।
আহত কূটনীতিকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে শনিবার জানিয়েছেন মেক্সিকোর কর্মকর্তারা।
মেক্সিকোর অ্যাটর্নী জেনারেল ও যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে ওই কূটনীতিক হামলার শিকার হন। গুয়াদালাজারা শহরটি মেক্সিকোর সহিংসতা কবলিত পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোয় অবস্থিত।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, গুলি ওই কূটনীতিকের বুকে লেগেছে।
আহত ওই মার্কিন কূটনীতিকের নাম ক্রিস্টোফার অ্যাশক্রাফট বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মেক্সিকান নিরাপত্তা কর্মকর্তা।
গুলিবর্ষণকারীকে শনাক্ত করতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) ।
নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে নীল পোশাক পড়া এক ব্যক্তিকে কূটনীতিকের গাড়ির দিকে গুলি ছুড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ঘটনার তদন্তে মেক্সিকোর আইন প্রয়োগকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস।
জালিসকো মেক্সিকোর অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তটি প্রতিদ্বন্দ্বী মাদক অপরাধী চক্রগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
মে, ২০১৫-তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জালিসকোতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল এসব অপরাধীরা। এতে সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছিলেন।
