ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যান কোটস
জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে ড্যান কোটস কে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এখন সিনেটে পাশ হলেই তার নিয়োগ নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে জেমস ক্লাপারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর কোটস বর্তমানে সিনেট ইনটেলিজেন্স কমিটিতে কাজ করছেন।
কোটস সম্পর্কে ট্রাম্প বলেন, “কোটস অবিচল নেতৃত্ব প্রদাণ করবেন এবং বিরামহীন নজরদারির মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যারা আমাদের দেশের ক্ষতি করার পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে আমার প্রশাসনকে ব্যবস্থা নিতে সাহায্য করবেন।”
এক বিবৃতিতে কোটস বলেন, “(আমার কাছে) আমেরিকার সুরক্ষার চাইতে বড় আর কিছু নেই এবং এটা বাস্তবায়ন করতে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগাবো।”
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর জাতীয় গোয়েন্দা মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয়।
জাতীয় গোয়েন্দা তথ্য বিষয়ে তিনি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টার ভূমিকা পালন করেন।
যুক্তরাষ্ট্রে সিআইএ সহ মোট ১৭টি গোয়েন্দা সংস্থা স্বাধীনভাবে কাজ করে। জাতীয় গোয়েন্দা পরিচালক ওই সংস্থাগুলোর তত্ত্বধানও করেন।
