দ. কোরিয়া কেলেঙ্কারি: প্রেসিডেন্ট পার্ক ও চোইয়ের বিচার শুরু
দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক কেলেঙ্কারির কেন্দ্রে থাকা চোই সুন সিল এবং প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বিচার শুরু হয়েছে।
পার্কের ঘনিষ্ঠ বান্ধবী চোইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির চেষ্টা অভিযোগ আছে। তার বিচার শুরুর পাশাপাশি এ কেলেঙ্কারির ঘটনায় প্রেসিডেন্ট পার্কের অভিশংসনের শুনানিও শুরু করেছে সাংবিধানিক আদালত।
পার্কের বিরুদ্ধে পার্লামেন্টের অভিশংসন ভোট হয় অনুমোদন নয়ত বাতিল করবে আদালত। পার্কের অনুপস্থিতিতেই বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে মঙ্গলবারেই বিচারপ্রক্রিয়া শুরু হলেও পার্ক উপস্থিত ছিলেন না বলে তা স্থগিত করা হয়েছিল। তার আইনজীবী আগেই জানিয়েছিলেন, বিশেষ কোনও পরিস্থিতি সৃষ্টি না হলে পার্ক আদালতে হাজির হবেন না।
ওদিকে, পার্কের বান্ধবী চোইয়ের পরিবার আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
চোই বলেছেন, তিনি অন্যায়ের মুখে পড়েছেন। তার আইনজীবী বলেছেন, প্রেসিডেন্ট পার্ক এবং চোইয়ের মধ্যে কোনও চক্রান্ত ছিল না। চোই কোনও অর্থনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেননি।
প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তার দীর্ঘদিনের বন্ধু চোই সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে সরকারের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করাসহ ক্ষমতার অপব্যবহার করেছেন।
এ ঘটনায় জনগণের বিশ্বাস ভঙ্গ এবং সরকার ব্যবস্থাকে বিশৃঙ্খল করার অভিযোগ তুলে পার্কের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছে মানুষ।
বিক্ষোভকারীদের দাবি, চওই সুন-সিল সরকারের বিভিন্ন কৌশল নির্ধারণে মধ্যস্থতা করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন।
বিক্ষোভের মুখে পার্ক এবং চোই দুই নারীই ক্ষমা চাইলেও কোনওরকম অপরাধ করার কথা স্বীকার করেননি
