রোহিঙ্গা গণহত্যার কোনও প্রমাণ নেই: মিয়ানমার
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে মিয়ানমার সরকার গঠিত কমিশন।
অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে কমিশন আরও বলেছে, নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ব্যাপক হারে ধর্ষণের শিকার হওয়ার যে অভিযোগ করা হচ্ছে তার পক্ষেও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
নিরাপত্তা বাহিনী মানুষজনকে হত্যা করে আসছে এমন অভিযোগের ব্যাপারেও প্রতিবেদনে কোনওকিছু উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।
গত বছর ৯ অক্টোবর রাখাইন রাজ্যে মিয়ানমার সীমান্ত পুলিশের তিনটি পোস্টে হামলা চালিয়ে ‘সন্ত্রাসীরা’ নয় পুলিশ সদস্যকে হত্যা করে। তার পর ওই এলাকায় বড় ধরনের সেনা অভিযান শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ করছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হওয়ার পর প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে।
অনেকের ধারণা, রাখাইন রাজ্যের ‘আদিবাসী রোহিঙ্গা মুসলিমদের দেশছাড়া করতে’ এ অভিযান পরিচালিত হচ্ছে।
রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে কোনও ব্যবস্থা না নেওয়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন।
বিষয়টি খতিয়ে দেখতে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মিন্ত সউইর নেতৃত্বে গঠিত সরকারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে জানুয়ারি মাসের শেষেই।
তার আগেই তৈরি করা অন্তর্বর্তী প্রতিবেদনে কমিশন গণহত্যার অভিযোগ নাকচ করে বলেছে, রাখাইন রাজ্যে এখনও রোহিঙ্গা মুসলিমরা বাস করছে এবং তাদের ধর্মীয় ভবনগুলোও ধ্বংস করা হয়নি।
আর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, নির্বিচারে ধরপাকড় এবং নির্যাতনের অভিযোগগুলো এখনও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় কমিশন।
প্রায় অর্ধ শতাব্দী পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিয়ানমারের ক্ষমতায় এসেছে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এনএলডি সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের সব ধরনের অভিযোগই অস্বীকার করা হয়েছে।
