২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মোইজ জয়ী

নভেম্বরে অনুষ্ঠিত হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবসায়ী জোভেনাল মোইজকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 12:04 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বিবিসি বলছে, ৪৮ বছর বয়সী মোইজ নির্বাচনে ৫৫.৬ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুড সিলিস্টান  থেকে তিনি বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল নিশ্চিত করেছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করেন কর্মকর্তারা। কিন্তু এরপরও এর বিরুদ্ধে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে কিছু মানুষ প্রতিবাদ-বিক্ষোভ করেছে।

দরিদ্র এই দেশটি গেল ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে।

দশকের পর দশক ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছিল। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণেও বিপর্যস্ত হয়ে আছে হাইতি।

গেল অক্টোবরে দেশটিতে হ্যারিকেন ম্যাথিউয়ের আঘাতে ১ হাজারেরও বেশি মানুষ মারা যান।

নির্বাচনে মোইজের নিকটতম প্রতিদ্বন্দ্বী জুড সিলিস্টান ১৯.৫ শতাংশ ভোট পেয়েছেন বলে যে প্রাথমিক ফলাফল ঘোষিত হয়েছিল, মঙ্গলবার হাইতির নির্বাচনী ট্রাইব্যুনাল তাও নিশ্চিত করেছে। 

হাইতির মধ্য-ডানপন্থি টেট ক্যাল পার্টি থেকে মনোনীত প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী  জোভেনাল মোইজ ৭ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠায় সেটি বাতিল হওয়ার এক বছর পর ২০ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৫ সালের অক্টোবরে হওয়া ওই নির্বাচনে মোইজ জয়ী হয়েছিলেন। কিন্তু বিরোধীপক্ষের প্রার্থী সিলিস্টান ওই নির্বাচনকে নিকৃষ্ট আখ্যা দেন। এরফলে দেশজুড়ে সংঘাত ও সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ওই নির্বাচনকে বাতিল ঘোষণা করা হয়।

কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ২০১০ সালে  প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতি।

দেশটিতে এখনো লাখো মানুষ তাঁবু টানিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। সেখানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ায় প্রায় ১০ হাজার মানুষ মারা যান।