২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুল হামলা: হামলাকারী সিরিয়ায় প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে

ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় এখনও ধরা ছোঁয়ার বাইরে থাকা হামলাকারীর গেরিলা যুদ্ধে অভিজ্ঞতা আছে এবং সে সিরিয়ায় প্রশিক্ষণও নিয়ে থাকতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jan 2017, 11:14 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

মঙ্গলবার একটি পত্রিকার খবরে এবং নিরাপত্তা সূত্রে এমন কথাই বলা হয়েছে।

গত রোববার খ্রিস্টীয় নতুন বছরের প্রথম প্রহরে ইস্তাম্বুলের জনপ্রিয় রেইনা নাইটক্লাবে হামলা হয়। নতুন বছরকে স্বাগত জানাতে ক্লাবটিতে জড়ো হওয়া প্রায় ৬০০ লোকের ওপর বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বন্দুকধারী।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রতিশোধেই নাইটক্লাবে বড়দিনের উৎসবে খ্রিস্টানসমাগম স্থলে হামলাটি চালানো হয়েছে বলে জানায় তারা।

 এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “হামলাকারীর নিশ্চিতভাবেই যুদ্ধের অভিজ্ঞতা আছে... সে সিরিয়াতেও কয়েকবছর যুদ্ধ করে থাকতে পারে। তার দলই হয়ত তাকে নির্দেশনা দিয়েছে।”

ওদিকে, দ্য হাবেরতুর্ক পত্রিকা বলেছে, পুলিশী তদন্তে দেখা গেছে, বন্দুকধারী সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করেছে এবং নভেম্বরে কনিয়া নগরীতে গেছে। সঙ্গে করে নিয়ে গেছে তার বউ এবং সন্তানকেও। যাতে সে কারও নজরে না পড়ে।

কয়েকটি তুর্কি গণমাধ্যমে বলা হয়েছে, পুলিশ ২৮ বছর বয়সী এক কিরগিজ নাগরিককে খুঁজছে এবং এ নাগরিকই বন্দুকধারী বলে ধারণা করা হচ্ছে।

ইস্তাম্বুলের বিভিন্ন জায়গায় হানা দিয়ে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছেপুলিশ। ইস্তাম্বুলের অন্যান্য এলাকায় চালানো অভিযানে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।

তুর্কি পুলিশ এরমধ্যে একটি ছবি প্রকাশ করে তা সন্দেহভাজন হামলাকারীর হতে পারে বলে জানিয়েছে। তবে ছবিটি কবের ও কোথা থেকে নেওয়া হয়েছে তা জানায়নি।