নতুন বছরকে ‘শান্তির বর্ষে’ পরিণত করুন: গুতেরেস
নতুন বছরকে ‘শান্তির বর্ষে’ পরিণত করতে বিশ্ববাসীর সাহায্য চাইলেন জাতিসংঘের নয়া মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার দায়িত্ব নিয়েইএক বিবৃতিতে তিনি বছরের প্রথম দিন থেকে শান্তি প্রতিষ্ঠাকে প্রাধান্য দিতে সবার প্রতি আহ্বান জানান।
গুতেরেস বলেন, “যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোর লাখো মানুষের আর্তনাদ সারাক্ষণ হৃদয়কে নাড়া দিচ্ছে। যুদ্ধ কবে শেষ হবে তা তারা না জানলেও দুর্ভোগটা তাদেরই ভোগ করতে হচ্ছে। তাই শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য ও কৌশল হওয়া উচিত।”
এজন্য বিশ্বের সব দেশের সরকার, শীর্ষ নেতৃত্ব ও জনগণের প্রতি মতভেদ ভুলে এক হওয়ারও আহ্বান জানান তিনি।
“আসুন, আজ এবং প্রতিটি দিন শান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হই। ২০১৭ কে শান্তির বর্ষে পরিণত করি।”
দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে বিদায়ী মহাসচিব বান কি-মুন শনিবার দায়িত্ব ছাড়েন। পরদিন পাঁচ বছরের জন্য জাতিসংঘ প্রধানের দায়িত্ব নেন ৬৭ বছর বয়সী গুতেরেস।
গত এক দশক ধরে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনারের পদে থাকা গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
