সিরিয়ার সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
সিরিয়ার গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
শনিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তোলা একটি প্রস্তাব কোনো বিরোধীতা ছাড়াই পাস হয়।
প্রায় ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধের চেষ্টায় গত এক বছরে তৃতীয় যুদ্ধবিরতি এটি। গত তিনদিন ধরে এটি কার্যকর রয়েছে। কিন্তু লঙ্ঘন অব্যাবহ থাকলে যুদ্ধবিরতির বর্জন করার হুমকি দিয়েছে বিদ্রোহীদের কয়েকটি গোষ্ঠী।
পশ্চিমাপন্থি ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) ভুক্ত কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী নিরাপত্তা পরিষদের কাজে আর্জি জানিয়েছিল, সিরিয়া সরকার ও রাশিয়া যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এটি না দেখা পর্যন্ত পরিষদ যেন যুদ্ধবিরতিকে স্বাগত না জানায়, কিন্তু তাদের আর্জিতে কাজ হয়নি।
ফেব্রুয়ারিতে জেনেভায় জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, এরপর কাজাখস্তানে আরেকটি আলোচনার পরিকল্পনা করা হয়েছে, জাতিসংঘের প্রস্তাবে এ পরিকল্পনাকেও স্বাগত জানানো হয়েছে।
রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এ্ই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বিবদমান পক্ষগুলো। এতে সহিংসতার মাত্রা কমলেও কিছু জায়গা থেকে গোলাগুলি, বিমান হামলা ও গোলার্বষণ অব্যাহত থাকার কথা শোনা গেছে।
যুদ্ধবিরতির মধ্যেই সরকার নিয়ন্ত্রিত উপকূলীয় শহর টারটোয়াসে মধ্যরাতের পর নতুন বছরের শুরুতে রোববার জোড়া আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তা সদস্যরা দুই হামলাকারীকে থামানোর সঙ্গে সঙ্গেই তারা আত্মঘাতী বিস্ফেোরণ ঘটায়। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত দুই কর্মকর্তা নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।
ওদিকে এফএসএ অভিযোগ করেছে, সরকারি বাহিনী ও হিজবুল্লাহর গেরিলারা রাজধানী দামেস্কের উত্তর-পশ্চিমের ওয়াদি বারাদা উপত্যকায় বিদ্রোহীদের হটানোর চেষ্টা অব্যাহত রেখেছে।
এফএসএ ও সিরিয়ার সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জানিয়েছে, ওই এলাকায় একটি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনীগুলো।
এফএসএ ভুক্ত কয়েকটি গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, শনিবার রাত ৮টার মধ্যে ওয়াদি বারাদা হামলা বন্ধ করতে রাশিয়া তার প্রভাব কাজে না লাগালে তারা যুদ্ধবিরতি বর্জন করবে।
পরে ওই বিদ্রোহী গোষ্ঠীগুলোর দুই কমান্ডার জানিয়েছেন, রাত ৮টার ঠিক আগে ওয়াদি বারাদার আপশাশে বিমান হামলা বন্ধ করা হয়েছে, তাই তারা যুদ্ধবিরতি বর্জন করেনি।
সিরিয়ার সরকার ও বিদ্রেোহীরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ সত্বেও শনিবার সিরিয়ারব্যাপী লড়াইয়ের মাত্রা কমে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বর্তমানে যুদ্ধবিরতিটি ঝুঁকিতে নেই বলে জানিয়েছে তারা।
সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ নিহত এবং এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
