ঝাড়খন্ডে কয়লাখনিতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩
ভারতের ঝাড়খন্ড রাজ্যে একটি কয়লাখনি ধসের পর সেখান থেকে এখন পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে খনিতে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা বা সাড়ে ৮টার দিকে গোদ্দা জেলার লালমাটিয়ার উন্মুক্ত খনিতে ভূমি ধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, আনন্দবাজার।
বিবিসির খবরে বলা হয়, খনি ধসের সময় সেখানে অন্তত ৬০ জন কর্মী ছিলেন। দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ধ্যার পরপর এই দুর্ঘটনা ঘটলেও রাত ১টার আগে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি।
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় খনি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মকর্তা জয় প্রকাশ দৈনিক টেলিগ্রাফকে বলেন, “প্রাকৃতিক কারণে এই দুর্ঘটনা ঘটেনি। এটা মানুষ সৃষ্টি। এখানে কোনো ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
এর আগে ২০১২ সালে এই খনিতে দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকাজুড়ে লোডশেডিং হয়ে যাওয়ায় ও ভোরে ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় বলে জানায় পুলিশ।
পুলিশ সুপার হরিলাল বাবু জানিয়েছেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় রাতে উদ্ধারকারী দলের পৌঁছতে সময় লেগে যায়।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উদ্ধারকাজে রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
