প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন আর নেই
ছায়াপথের ঘূর্ণনের হার নিয়ে গবেষণায় নতুন পথের দিশারি, যার এই গবেষণার ফলে কৃষ্ণ বস্তুর (ডার্ক ম্যাটার) তত্ত্ব জন্মলাভ করেছে, সেই প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন মারা গেছেন।
রোববার বার্ধক্যজনিত কারণে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়, ছেলে অ্যালান রুবিনের বরাতে জানিয়েছে বিবিসি।
তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন টাউনে বসবাস করতেন।
ছায়াপথ নিয়ে তার গবেষণা তাকে বিপুল সম্মানের অধিকারী করেছিল। তিনি দ্বিতীয় নারী জ্যোতির্বিজ্ঞানী হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়নি তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
১৯৭৪ সালে তিনি আবিষ্কার করেন, ছায়াপথের (গ্যালাক্সি) প্রান্তীয় তারাগুলো ধারণার চেয়ে বেশি গতিতে ঘুরপাক খায়।
মহাবিশ্বের দৃশ্যমান বস্তুর ওপর ভিত্তি করে করা মহাকর্ষ বলের হিসাব অনুযায়ী, ছায়াপথের প্রান্তীয় তারাগুলোর এত জোরে চলার কথা না, আরো আস্তে চলার কথা।
মহাকর্ষ তত্ত্বের সঙ্গে রুবিনের পর্যবেক্ষণ খাপ খাওয়াতে বিজ্ঞানীরা প্রস্তাব করেন, মহাবিশ্বে এমন বস্তু আছে যা আমরা দেখতে পাই না। তারা এসব বস্তুর নামকরণ করেন ডার্ক ম্যাটার (কৃষ্ণ বস্তু) ।
বিজ্ঞানীদের মতে, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মোট বস্তু ও শক্তির ২৭ শতাংশ কৃষ্ণ বস্তু। বস্তুর এই রূপটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
রুবিনের মৃত্যুতে সহকর্মী অ্যাস্ট্রোবায়োলজিস্ট ডেভিড গ্রিনস্পুন ট্যুইটারে শোক জানিয়ে বলেছেন, “বিশাল এক মহীরুহ চলে গেলেন! মহান জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন, তিনি ডার্ক ম্যাটার আবিষ্কার করেছিলেন।”
অপর সহকর্মী জ্যোতির্পদার্থবিদ স্ট্যাসি ম্যাকগাওয়ান বলেছেন, “মহান বিজ্ঞানীর মৃত্যুর খবর শুনে গভীর দুঃখ পেলাম। ভেরা রুবিন ছিলেন স্নেহশীল পরামর্শদাতা, প্রিয় বন্ধু।”
ছোট বেলায়ই জ্যোতির্বিজ্ঞানের প্রতি রুবিনের আগ্রহ প্রকাশ পায়। বাবার উৎসাহে এ আগ্রহ আরো বৃদ্ধি পায়। বাবা তাকে টেলিস্কোপ বানাতে সহায়তা করেন এবং শৌখিন জ্যোতির্বিদদের বৈঠকে নিয়ে যেতেন।
জ্যোতির্বিজ্ঞানকে মূল বিষয় হিসেবে নিয়ে ১৯৪৮ সালে ভাসার ওমেন্স কলেজ থেকে তিনি গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। এ বিষয়ে কলেজের একমাত্র ছাত্রী ছিলেন তিনি।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে, তাকে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েট প্রোগ্রামে নারীদের ভর্তির অনুমতি নেই। ১৯৭৫ সাল পর্যন্ত প্রিন্সটনে এই নিয়ম বজায় ছিল।
তাই তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখানে পদার্থবিজ্ঞান নিয়ে পড়েন তিনি। এরপর ১৯৫৪ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন।
পরে ওয়াশিংটনের কার্নেগি ইনিস্টিটিউটে যোগ দেন। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সায়েন্স মেডেলে ভূষিত হন রুবিন।
