২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় নক-টেনের কবলে ফিলিপিন্স

শক্তিশালী ঘূর্ণিঝড় নক-টেন আরও শক্তি সঞ্চয় করে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2016, 01:17 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

রোববার খ্রিস্টীয় ‘বড়দিনেই’ ঘণ্টায় ২৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় কাতানদুয়ানেস দ্বীপের কাছের উপকূলীয় এলাকার ওপর দিয়ে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

পূর্ব সতর্কতা হিসেবে ওই উপকূল থেকে আগেই কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ সংস্থা সর্বশেষ বুলেটিনে জানিয়েছিল, ঘন্টায় ১৮৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২৫৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের বেগ নিয়ে সাগরের উপর দিয়ে ঘন্টায় ১৫ কিলোমিটার গতিতে নক-টেন উপকূলের দিকে এগিয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়টির বাতাসের বেগ ছিল ঘন্টায় ১৭৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২১৫ কিলোমিটার।

দেশটির আবহাওয়া ব্যুরোর মুখপাত্র রেনে পাসিয়েন্তে  শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ধ্বংস হওয়া ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার নক-টেন ফিলিপিন্সের বিকোল উপদ্বীপের কাতানদুয়ানেস প্রদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কায় ওই এলাকায় সর্বোচ্চ ঘূর্ণিঝড় সতর্কর্তাও জারি করা হয়।

এলাকার অনেক জায়গায় সড়কপথে, সাগরপথে ও আকাশপথে ভ্রমণ স্থগিত করা হয়। এতে ‘বড়দিনের’ ছুটিতে বাড়ির পথে থাকা খ্রিস্টান অধ্যুষিত ওই এলাকার কয়েক হাজার মানুষ পথে আটকা পড়েছেন।

২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় লেইতে ও সামার এলাকায় ছয় হাজার মানুষ নিহত ও দুই লাখ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। হাইয়ান ছিল ফিলিপিন্সে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

প্রতি বছর প্রায় ২০টি বড় ধরনের ঘূর্ণিঝড় ফিলিপিন্স অতিক্রম করে। ১৯৪৮ সালের পর থেকে অন্তত সাতটি ঘূর্ণিঝড় ‘বড়দিনের’ পরবের সময় দেশটিতে আঘাত হেনেছে।