২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনালাপ: পুতিন-নেতানিয়াহুর সন্ত্রাস-বিরোধী ঐক্য

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ-বিরোধী আরও সহযোগিতার অঙ্গীকার করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2016, 01:51 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

টেলিফোনে দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলাপকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন বলে শুক্রবার ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।

ওই বিবৃতির বরাত দিয়ে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পুতিন ও নেতানিয়াহু তাদের মতামত প্রদান করেন। তারা ভবিষ্যতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয় সহযোগিতার ক্ষেত্রে প্রস্তুত থাকার বিষয়ে নিশ্চয়তা দেন।”

ইসরায়েলের উদ্যোগে চলতি সপ্তায় দ্বিতীয়বারের মতো দুই দেশের শীর্ষ পর্যায়ে এই আলোচনা অনুষ্ঠিত হল।

তুরস্কে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ নিহত হওয়ার ঘটনায় বুধবার নেতানিয়াহু শোক ও সমবেদনা প্রকাশ করেন। তখন নেতানিয়াহু বলেছিলেন, সন্ত্রাসবাদ-বিরোধী উদ্যোগে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ইসরায়েল।

প্রসঙ্গত, সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে মেভলুত মের্ত আলতিনতাস নামে এক ব্যক্তি কার্লভকে গুলি করে হত্যা করে।

Image
নিহত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। ছবি: রয়টার্স

নিহত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। ছবি: রয়টার্স

‘তুর্কিদের চোখে রাশিয়া শিরোনামে’ ওই আলোকচিত্র প্রদর্শনীর একটি ভিডিও টুইটারে প্রকাশ পেয়েছে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তৃতা করার সময় সুবেশী এক অস্ত্রধারী পেছন থেকে একটানা কয়েকটি গুলি করে এবং রুশ রাষ্ট্রদূত মেঝেতে লুটিয়ে পড়েন।

বিবিসির খবরে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তুরস্কের দাঙ্গা পুলিশের সদস্য ২২ বছর বয়সী আলতিনতাসকে গুলি করে হত্যা করে।

রুশ রাষ্ট্রদূতকে গুলি করার পর আলতিনতাস তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন- “আলেপ্পোর কথা মনে রেখ, সিরিয়ার কথা মনে রেখ।”

কথার শুরুতে ও মাঝে কয়েক দফা তাকে চিৎকার করে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা যায় ওই ভিডিওতে।