২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে এই আলতিনতাস

তুরস্কের আঙ্কারায় একটি আলোকচিত্র প্রদর্শনীতে রুশ রাষ্ট্রদূতকে প্রকাশ‌্যে গুলি করে হত্যা করার পর পিস্তল হাতে সুবেশী এক তুর্কি তরুণের ছবি ছাপা হয়েছে বিশ্বের অধিকাংশ পত্রিকায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 02:27 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

মেভলুত মের্ত আলতিনতাস নামের ২২ বছর বয়সী ওই তরুণ তুর্কি দাঙ্গা পুলিশের একজন সদস্য। তার ঠিকুজি খোঁজার চেষ্টা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।  

সোমবার সন্ধ‌্যায় ডিউটিতে না থাকলেও আলতিনতাস পুলিশের পরিচয়পত্র দেখিয়েই ওই গ‌্যালারিতে ঢোকেন, অবস্থান নেন রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভের কাছাকাছি।

রাষ্ট্রদূতের বক্তৃতার এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ক‌্যামেরার সামনেই পেছন থেকে তাকে কয়েকটি গুলি করেন আলতিনতাস। অস্ত্র হাতে চিৎকার করে নিজের বক্তব‌্য জানানোর কিছুসময় পর নিরাপত্তাবাহিনীর সদস‌্যদের গুলিতে নিহত হন তিনি।

বিবিসি জানাচ্ছে, তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টাকারীদের সঙ্গে যোগসাজশের অভিযোগে জুলাইয়ের পর থেকে গত মাসের মাঝামাঝি পর্যন্ত সাময়িক বরখাস্ত ছিলেন আলতিনতাস।

তুরস্কের সরকার সমর্থিত গণমাধ্যমগুলো ওই অভুত্থানচেষ্টার পর আলতিনতাসের নেওয়া তিন দিনের ‘জরুরি ছুটির’ নথিও প্রকাশ করেছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী সুলেমান সয়লু জানিয়েছেন, ১৯৯৪ সালে পশ্চিম তুরস্কের রক্ষণশীল এইডিন প্রদেশের সোকি শহরে আলতিনতানের জন্ম। পড়ালেখা করেন উত্তরের শহর ইজমিরের পুলিশ কলেজে। তুরস্কের পুলিশ বিভাগে তিনি কাজ করছিলেন আড়াই বছর ধরে।

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানে রাশিয়ার সমর্থনই আলতিনতাসকে এই হত্যাকাণ্ডে উৎসাহিত করেছে, নাকি তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটানোর কোনো ‘চক্রান্তের’ ঘুঁটি তিনি- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

বিবিসি জানিয়েছে, সোমবার ওই গ‌্যালারিতে হামলার আগে আলতিনতাস নিখুঁতভাবে দাড়ি কামিয়ে, স্যুট-টাই পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি হোটেল থেকে বের হন। প্রদর্শনীতে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর তাকে আটকে দিলেও পুলিশের পরিচয়পত্র দেখে নিরাপত্তারক্ষীরা তাকে ছেড়ে দেয়।

রুশ রাষ্ট্রদূতের পেছনে দাঁড়িয়ে মোট ১১টি গুলি চালান আলতিনতাস। এর নয়টি রাষ্ট্রদূতকে লক্ষ্য করে, বাকি দুটি শূন্যে।

গুলি করার পর ভাঙা আরবি উচ্চারণে চিৎকার করে আলতিনতাস বলতে থাকেন- “আমরা মুহাম্মদের অনুসারীরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত জিহাদ চলবে।”

কথার শুরুতে ও মাঝে কয়েক দফা তাকে চিৎকার করে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা যায়।

এরপর তুর্কি ভাষায় বলে ওঠেন, “সিরিয়ার কথা ভুলো না, আলেপ্পোর কথা ভুলো না। ওই ধংসযজ্ঞে যারা ছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।”

নিরাপত্তারক্ষীরা আত্মসমর্পণ করতে বললেও তা প্রত্যাখ্যান করে ১৫ মিনিট মুখোমুখি লড়াই শেষে গুলিতে মারা যান আলতিনতাস।

পরিচয় নিশ্চিত হওয়ার পর সোকি থেকে তার মা, বাবা, বোন ও দুই স্বজনকে আটক করে পুলিশ। এর বাইরে আংকারায় আলতিনতাসের সঙ্গে একই ফ্ল্যাটে বাস করা এক ব্যক্তিকে আটক করা হয়।

রুশ রাষ্ট্রদূতকে হত‌্যার এই ঘটনায় হতবিহ্বল আংকারার মেয়র মেলিহ গকচেক এক টুইটে বলেছেন, আলতিনতাসের সঙ্গে যুক্তরাষ্ট্রপ্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সম্পর্ক থাকতে পারে।

তবে গুলেন এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীর সঙ্গে ‘কোনো ধরণের’ সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।

রাষ্ট্রদূতকে গুলি করার ঘটনার সঙ্গে ‘আরও অনেক কিছুর’ জড়িত থাকার সম্ভাবনা নিয়ে কথা উঠলেও এখন পর্যন্ত কোনোটিরই ‘অকাট‌্য প্রমাণ’ মেলেনি বলে জানিয়েছে বিবিসি।