পাকিস্তানে আবুধাবির যুবরাজের গাড়িবহরে হামলা
পাকিস্তানে আবুধাবির যুবরাজ শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে পাখি শিকারে যাওয়া একটি দল বিদ্রোহীদের হামলার মুখে পড়েছে।
সোমবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুরের গিচক এলাকায় এ ঘটনা ঘটেছে, জানিয়েছে দ্য ডন, বিবিসি।
বিদ্রোহীদের একটি দল যুবরাজের গাড়িবহর লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হননি।
নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িতে গুলি ছোড়ার পর আরব শিকারিদের ওই এলাকায় শিকার না করার বিষয়ে সতর্ক করে দেয় বিদ্রোহীরা।
মঙ্গলবার বেলুচিস্তানে কয়েকশত মানুষ আরব শিকারি দলের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আরব শিকারিরা পাখিদের অস্তিত্ব বিপন্ন করে তুলছে এবং ফসলের ক্ষতি করছে।
প্রতি বছর শীতের সময় মধ্যপ্রাচ্যের রাজকীয় পরিবারের সদস্যদের বিরল প্রজাতির হুবারা বাস্টার্ড পাখি শিকারের অনুমতি দেয় পাকিস্তান। বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে বিরল ওই পাখিগুলো পাওয়া যায়।
মধ্যপ্রাচ্যের যুবরাজ ও তাদের ধনকুবের বন্ধুরা এই পাখিগুলোর মাংসকে কামোদ্দীপক বলে মনে করে।
যুবরাজ আল নাহিয়ানের গাড়িবহরে প্রায় ৩০টি এসইউভি ছিল বলে জানিয়েছেন আধাসামরিক বাহিনীর স্থানীয় এক কর্মকর্তা।
তিনি জানান, বহরের দুটি গাড়ি সঙ্গীদের ছেড়ে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে হামলার মুখে পড়ে।
মোটরসাইকেল যোগে আসা বিদ্রোহীরা গাড়িগুলো থামায়, আরবদের গাড়ি থেকে নামিয়ে গুলি করে গাড়ির জানালা গুড়িয়ে দেয় ও চাকা পাংচার করে। এরপর ওই এলাকায় শিকার না করতে সতর্ক করে চলে যায়।
তবে স্থানীয় তহশীলদার দাবি করেছেন, ফ্রন্টিয়ার কর্পস ও অন্যান্য নিরাপত্তা কর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার পর কঠোর নিরাপত্তার মধ্যে আরব শিকারি দলকে শিবিরে ফিরিয়ে নেওয়া হয়।
