২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, আহত ৩২

উত্তর-পূর্ব সাইবেরিয়ায় সোভিয়েত আমলে নির্মিত একটি সামরিক ঘাঁটিতে অবতরণের চেষ্টাকালে ৩৯ আরোহীসহ রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 02:48 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

সোমবার জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কেউ মারা না গেলেও ৩২ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১৬ জনের আঘাত গুরুতর। আহত সবাইকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে সাখা রিপাবলিকের (ইয়াকুতিয়া) তিকসি টাউনের কাছে এ ঘটনা ঘটে। সেখানকার একটি বিমানক্ষেত্র থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইল-১৮ বিমানটি বিধ্বস্ত হয়। 

বিধ্বস্ত বিমানটি ভেঙে তিনটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

সাখা রিপাবলিক সরকারের উপপ্রধান আলেক্সেই কোলদেজনিকভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সম্ভবত প্রবল বাতাসের কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

সামরিক বাহিনীর একটি তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পশ্চিম সাইবেরিয়ার কনস্ক থেকে সাতজন ক্রু ৩২ জন যাত্রী নিয়ে বিমানটি তিকসির পথে রওয়ানা হয়েছিল।

আর্কটিক সার্কেলের (মেরু অঞ্চল) ভিতরে পড়া তিকসি সাইবেরিয়ার একটি উপকূলীয় টাউন। এখানে প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করে।

এখানকার সোভিয়েত আমালের সামরিক ঘাঁটিটি সংস্কার করে ফের চালু করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার।