জর্ডানে হামলায় পর্যটক নিহত
জর্ডানের দক্ষিণের শহর কারাকে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় বিদেশি পর্যটকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে।
রোববারের ওই হামলায় আরও অন্তত নয় জন আহত হয়েছে।
কারাক পুলিশ জানায়, বন্দুকধারীরা প্রথমে শহরের টহল পুলিশের উপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায় এবং পাহাড়ের চূড়ায় শহরের প্রাচীন একটি দুর্গে আশ্রয় নেয়।
পুলিশ দুর্গটি ঘিরে রেখেছে। বন্দুকধারীরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে।
বন্দুকধারীরা কয়েকজন পর্যটককে জিম্মি করলেও পুলিশ তাদের বের করে আনে বলে বিবিসি জানিয়েছে।
নিহতদের মধ্যে কানাডার নাগরিক এক নারী রয়েছেন। বাকিরা পুলিশ সদস্য।
কানাডা সরকারের পক্ষ থেকেও এ ঘটনায় তাদের একজন নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডান। সিরিয়া ও ইরাকে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীতে জর্ডানের সেনারাও রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র সিরিয় বিদ্রোহীদের ছোট একটি দল এবং ইরাক ও ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীকে জর্ডানে প্রশিক্ষণ দিয়েছে।
