প্রবল বাতাসে জুমার ভাষণ ভণ্ডুল
জনসমাবেশস্থলের ছাউনি উড়ে যাওয়ার প্রাক্কালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিবিসি বলছে, প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যেই মারকুইয়ে পুনর্মিলন দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন জুমা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বাতাস ও বৃষ্টিতে মঞ্চ ও জনসমাবেশস্থলের স্থাপিত ছাউনি উড়ে যায়। সমাবেশে আসা মানুষেরা তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক-সেদিক ছোটাছুটি করেন।
এ সময় প্রেসিডেন্টকে মঞ্চ থেকে সরিয়ে নেয় নিরাপত্তাকর্মীরা।
দক্ষিণ আফ্রিকার উত্তরপশ্চিমাঞ্চলীয় গোপানে প্রদেশের ওই শহরে ঝড়ে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
১৯৯৪ সালে দেশটিতে সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়। এরপর থেকে দেশটির জাতিগত গোষ্ঠীগুলোর মাঝে ঐক্যস্থাপনের লক্ষ্যে এই ‘পুনর্মিলন দিবস’ পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, জনসমাবেশস্থলের ছাউনি উড়ে যাওয়ার পর পরবর্তী সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়।
