২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজনকে খুন করেছি: দোতার্তে

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে দাভাওয়ের মেয়র থাকার সময় নিজহাতে তিনজনকে হত্যা করার কথা নিশ্চিত করে জানিয়েছেন বিবিসি’ কে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

তিনি বলেন, “আমি প্রায় তিনজনকে খুন করেছি...আমার বন্দুক থেকে কতগুলো বুলেট তাদের দেহে বিদ্ধ হয়েছে জানিনা। তবে এ ঘটনা ঘটেছে। আমি এ ব্যাপারে মিথ্যা কথা বলতে পারি না।”

দোতার্তে নিজে কাউকে খুন করেছেন এমন কথা তার মুখপাত্র অস্বীকার করার কয়েকঘণ্টা পরই দোতার্তে খোদ এ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে জানালেন।

দোতার্তের ব্যক্তিগতভাবে অপরাধী সন্দেহে মানুষ মারার বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার প্রেসিডেন্ট প্রাসাদে। ওইদিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠককালে দোতার্তে নিজমুখে দাভাওয়ের মেয়র থাকাকালে হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেন।

তিনি বলেন, “দাভাওয়ে আমি প্রায়ই নিজে একাজ করতাম। এর মাধ্যমে আমি শুধু তাদের (পুলিশ) দেখাতে চেয়েছি, যদি আমি এটা করতে পারি তবে আপনারা কেন পারবেন না।”

দুই দশক ধরে দক্ষিণের নগর দাভাওয়ের মেয়র ছিলেন দোতার্তে। ওই সময় কঠোর হাতে অপরাধ দমনের জন্য তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন। যদিও ডেথ স্কোয়াডে মৃত্যুকে সমর্থনের কারণে সমালোচিতও হয়েছিলেন তিনি।

২০১৫ সালে দাভাওয়ের মেয়র থাকাকালেই অপরহণ ও হত্যার অভিযোগে প্রথমবারের মতো সন্দেহভাজন ওই তিনজনকে হত্যার কথা স্বীকার করেছিলেন দোতার্তে।

প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের স্বীকারোক্তি নিয়ে শুক্রবার তার মুখপাত্র মার্টিন আনদানার বিবিসি’কে বলেন, “প্রেসিডেন্ট আসলে রূঢ় কথা বলছেন, তিনি হত্যাকারী নন। তার কথা বলার ধরণই এমন। এমনকি তিনি যখন মেয়র ছিলেন তখনও এভাবেই কথা বলতেন। এটাকে বাস্তব সত্য বলে ধরে নেওয়ার কিছু নেই।”

মুখপাত্রের একথার কয়েক ঘণ্টা পরই ফের হত্যাকাণ্ডের আগের স্বীকারোক্তির পুনরাবৃত্তি করলেন দোতার্তে।

এক সংবাদ সম্মেলনের পর বিবিসি কে তিনি বলেন, মেয়াদের শেষ দিন পর্যন্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার যুদ্ধ চলবে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দোতার্তে।

এরপর থেকে ফিলিপিন্স পুলিশ বিনাবিচারে প্রায় ছয় হাজার মানুষকে হত্যা করেছে। যা নিয়ে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন ও মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।

যদিও মাদক নির্মূলে নিজের এই কৌশল নিয়ে দোতার্তের মধ্যে তেমন কোনো খেদ নেই। বরং একবার তিনি বলেছিলেন, “হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছে…. আমাদের এখানে ৩০ লাখ মাদকাসক্ত রয়েছে। তাদের হত্যা করতে পারলে আমি খুশিই হব।”

তবে হত্যার স্বীকারোক্তি দিয়ে দোতার্তে অভিশংসনের মুখে পড়ারই ঝুঁকি নিয়েছেন বলে মন্তব্য করেছেন দুই ফিলিপিনো সিনেটর।

পুরনো খবর:

হত্যাযজ্ঞের স্বীকারোক্তি দিয়ে অভিশংসনের ঝুঁকিতে দোতার্তে