২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে অস্ত্র মোতায়েন করছে চীন

দক্ষিণ চীন সাগরের ৭টি কৃত্রিম দ্বীপে অস্ত্র মোতায়েন করছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 07:35 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

ভূ-উপগ্রহে তোলা নতুন ছবিতে চীনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী এবং শত্রু বিমান ধ্বংসকারী অস্ত্র ব্যবস্থাসহ অন্যান্য অস্ত্র মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান।

এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই) ছবিগুলো প্রকাশ করেছে।

চীনের নেতারা এর আগে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোকে সামরীকিকরণের কোনও অভিপ্রায় নেই বলে দাবি করে আসলেও ছবিতে ধরা পড়েছে এর উল্টোটাই।

চীন অস্ত্র মাতায়েনের আগেই অন্তত তিনটি কৃত্রিম দ্বীপে বিমান ওঠানামার জন্য রানওয়ে করেছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, দ্বীপগুলোর সামরিকীকরণ সঠিকভাবে আইন মেনেই করা হচ্ছে এবং এর লক্ষ্য মূলত প্রতিরক্ষা।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, “কেউ দোরগোড়ায় পেশিশক্তি প্রদর্শন করলে যে কোনও সময় তা মোকাবেলার জন্য সামান্য হাতিয়ারও কি থাকা দরকার নয়?”

চীনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেন, দ্বীপগুলো চীনের অংশ। ফলে সেখানে সামরিক স্থাপনা গড়া স্বাভাবিক বিষয়।

ভূ-উপগ্রহের ছবিতে দুটো দ্বীপে বিমান বিধ্বংসী অস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র মোতায়েন করতে দেখা গেছে বলেই ধারণা প্রকাশ করেছে এএমটিআই।

চীন ক্লোজ ইন ওয়েপনস সিস্টেমসও (সিআইডব্লিউএস) মোতায়েন করেছে বলে জানিয়েছে এএমটিআই। আর এ ধরনের অস্ত্র ব্যবস্থা গড়ে তুলে চীন বুঝিয়ে দিচ্ছে তারা দক্ষিণ চীন সাগরে যে ধরনের অস্ত্রের ঝনঝনানির ক্ষেত্রে তারা কৃত্রিম দ্বীপগুলোকে সুরক্ষিত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

চীনের এ ধরনের কর্মকান্ড এর প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগ সৃষ্টি করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককেও আরও নাজুক করে তুলছে।