‘ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ভ্যালাস’
ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালাস আগামী বছর অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফরাসি একটি টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিন শেষে তিনি এ সম্পর্কিত ঘোষণা দিতে পারেন।
ভ্যালাসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি (ভ্যালাস) ১৭:৩০ জিএমটিতে একটি ঘোষণা দেবেন। কিন্তু সেই ঘোষণার ব্যাপারে বিস্তারিত কোনোকিছু বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
মধ্য-ডানপন্থি লি রিপাবলিকান পার্টি থেকে ইতিমধ্যে মনোনয়ন নিশ্চিত করে ফেলেছে ৬২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়োঁ।
রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও সাবেক প্রধানমন্ত্রী অ্যালেন জুপ্পিকে পরাজিত করেন।
মনোনয়ন দৌড়ের ভোটাভুটিতে প্রথমেই ছিটকে যান সারকোজি, এরপর এগিয়ে থাকা দুই মনোনয়ন প্রত্যাশী জুপ্পি ও ফিয়োঁর মধ্যে পুনরায় ভোটাভুটিতে প্রার্থী চূড়ান্ত হয়।
এরই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ভ্যালাস নিজের প্রার্থিতা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনী মতামত জরিপে ক্ষমতাসীন স্যোসালিস্ট পার্টি বর্তমানে লি রিপাবলিকান পার্টি ও ন্যাশনাল ফ্রন্ট পার্টি থেকে পিছিয়ে রয়েছে।
জানুয়ারিতে প্রাইমারি ভোটের মাধ্যমে স্যোসালিস্ট পার্টি তাদের প্রার্থী নির্বাচন করবে।
আগামী বছরের এপ্রিল এবং মে মাসে দুই দফায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হবে।
