‘নীতি ভেঙে’ তাইওয়ানি নেতার সঙ্গে কথা বললেন ট্রাম্প
দুই দেশের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের গৃহীত ‘এক চীন’ নীতি লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট ছা ইং ওয়ানের সঙ্গে সরাসরি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ‘এক চীন’ নীতি গ্রহণ করার পর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নবনির্বাচিত প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট ফোনে সরাসরি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন।
ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষিপ্ত হতে পারে চীন এবং তাতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে।
এক ট্যুইটে ট্রাম্প জানিয়েছেন, কলটি ছা ইং ওয়ানই করেছিলেন।
“প্রেসিডেন্ট প্রার্থীতায় জয়ী হওয়ায় অভিনন্দন জানাতে আজ তাইওয়ানের প্রেসিডেন্ট আমাকে কল করেছিলেন। ধন্যবাদ আপনাকে!,” ট্যুইটে বলেন ট্রাম্প।
ট্রাম্পের ট্রানজিশন টিম জানিয়েছে, জানুয়ারির নির্বাচনে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ছা ইংকেও অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।
আলাপে দুই নেতা যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ‘ঘনিষ্ঠ অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা মিত্রতার’ কথা উল্লেখ করেন।
এই আলাপের কারণে চীন ক্ষিপ্ত হতে পারে, গণমাধ্যমে এমন মন্তব্য আসার পর আরেকটি ট্যুইটে ট্রাম্প বলেন, “মজার ব্যাপার, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক রসদ বিক্রি করছে আর অভিনন্দন জানিয়ে করা একটি কল গ্রহণ করা আমার উচিত হবে না।”
তাইওয়ানের প্রেসিডেন্ট ছা ইং ওয়ান। রয়টার্স
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের আলাপ যুক্তরাষ্ট্রের ‘এক চীন’ নীতিতে কোনো পরিবর্তন আনার ইঙ্গিত নয়।
ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্কে ট্রাম্প ‘বেশ সচেতন’ আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বেইজিং প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
তাইওয়ানকে একটি ‘বিচ্ছিন্নতাকামী’ প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে তাইওয়ানের বিরুদ্ধে বলপ্রয়োগের ঘোষণা দিয়ে রেখেছে দেশটি।
