যুক্তরাজ্যের ফুটবল ক্লাবগুলোতে শিশু যৌন নিপীড়নের অসংখ্য অভিযোগ
যুক্তরাজ্যের ফুটবল ক্লাবগুলোতে শিশু যৌন নিপীড়নের ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছে পুলিশের কাছে নিপীড়নের শিকার শত শত জনের অভিযোগের মধ্য দিয়ে।
বিবিসি জানায়, পুলিশ প্রায় ৩৫০ জনের কাছ থেকে অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধানরা।
‘দ্য ন্যাশনাল পুলিশ চীফস কাউন্সিল’ বলেছে, ফুটবল ক্লাবের সাবেক কয়েকজন খেলোয়াড় কোচদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করার পর পুলিশ বাহিনীর কাছে ফোনে আরও অসংখ্য অভিযোগ এসেছে।
বিষয়টি নিয়ে চলমান তদন্ত এবং দাতব্য সংস্থা ‘ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রটেকশন অব ক্রুয়েলিটি টু চিলড্রেন’ (এনএসপিসিসি) এর নতুন হেল্পলাইনের তথ্যনির্দেশিকার ভিত্তিতে নিপীড়িতদের ওই পরিসংখ্যান দেওয়া হয়েছে।
প্রথম সপ্তাহেই হটলাইনে ৮৬০ টি ফেনকল পাওয়ার কথা জানিয়েছে এনএসপিসিসি।
ফুটবলে শিশু যৌন নিপীড়নের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন, গ্রেটার ম্যানচেস্টার, নর্থ ইয়র্কশায়ার, স্কটল্যান্ড পুলিশসহ ১৫ টি পুলিশ বাহিনী।
ন্যাশনাল পুলিশ চীফস কাউন্সিলের (এনপিসিসি) প্রধান কনস্টেবল সিমন বেইলি বলেছেন, অভিযোগকারীর সংখ্যা বাড়ছে এবং নিপীড়নের শিকার হওয়াদেরকে একথা জানাতেও উৎসাহিত করা হচ্ছে, তা এ নিপীড়ন যত আগেই হয়ে থাকুক না কেন।
অভিযোগগুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে এবং এ সংক্রান্ত কোনও তথ্য কারও কাছে থাকলেও তা জানাতে বলা হয়েছে বলে জানান বেইলি।
