২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল এলাকা হারিয়ে চাপে আলেপ্পোর বিদ্রোহীরা

সরকারি বাহিনীর তীব্র আক্রমণের মুখে নিজেদের দখলে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরাঞ্চলে পরাজয়ের হুমকির মুখে পড়েছে সিরিয়ার বিদ্রোহীরা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2016, 12:41 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

সোমবার বিদ্রোহীদের দখল থেকে পূর্ব আলেপ্পোর বিশাল এলাকা পুনরুদ্ধারের দাবি জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও এর মিত্র বাহিনীগুলো।

বিদ্রোহীদের দুই কর্মকর্তা জানিয়েছেন, তারা ব্যাপক বোমাবর্ষণ ও স্থল হামলার মুখে পূর্ব আলেপ্পোর উত্তরাংশ থেকে সরে একটি মহাসড়ক বরাবর আরো প্রতিরক্ষামূলক যুদ্ধক্ষেত্রে অবস্থান নিয়েছেন।

সরকারি বাহিনীগুলোর সঙ্গে লড়াইয়ে হারার পর তাদের দখলকৃত অংশটি দুইভাগে বিভক্ত হয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হলে তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হন বলে জানিয়েছেন।

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্ব আলেপ্পোর যে উত্তরাংশ বিদ্রোহীরা হারিয়েছে তা তাদের দখলকৃত মোট এলাকার এক তৃতীয়াংশেরও বেশি।

২০১২ সালের পর থেকে আলেপ্পোয় এটি বিদ্রোহীদের সবচেয়ে বড় পরাজয় বলে জানিয়েছে অবজারভেটরি। ওই এলাকার হাজার হাজার বাসিন্দা পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এক বিদ্রোহী যোদ্ধা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিদ্রোহীরা ‘প্রচণ্ড চাপে’ আছে।

তবে পূর্ব আলেপ্পোর যে এলাকাগুলো বিদ্রোহীরা হারিয়েছে তার একটি অংশের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীরা নিয়েছে এবং সমঝোতার মাধ্যমে বিদ্রোহীরা এলাকাটি কুর্দিদের হাতে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। বিবদমান দুপক্ষের মধ্যে সমঝোতার এক বিরল ঘটনা এটি।

পুরো পূর্ব আলেপ্পো পুনরুদ্ধার করতে পারলে তা পাঁচ বছরের বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সবচেয়ে বড় বিজয় হবে। আলেপ্পো পুনরুদ্ধার করতে পারলে পশ্চিম সিরিয়ার মূল জনবহুল এলাকাগুলোর ওপর আসাদের কর্তৃত্ব ফের সূচিত হবে।

এই ঘটনাকে তার মিত্র রাশিয়া ও ইরানের বিজয় হিসেবেও দেখা হবে। এই দেশদুটি সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে আসাদের পশ্চিমা ও আঞ্চলিক শত্রুদের প্রায় পরাস্ত করে দিয়েছে।