২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মাসের শিশুকে তুলে আছাড় দিবাযত্নকেন্দ্রে!

১০ মাসের শিশুকে খেলনা পুতুলের মতো আক্রোশে কংক্রিটের মেঝেয় আছড়ে ফেলে মারধর করছিল এক নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 08:33 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে একটি দিবাযত্ন কেন্দ্রে । দুধের ওই শিশুকে এমন নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।

সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখে হকচকিয়ে যায় শিশুর পরিবার। ফুটেজটি খতিয়ে দেখার পর নির্যাতনকারী ওই আয়া আফসানা এবং দিবাযত্ন কেন্দ্রটির মালিক প্রিয়াঙ্কা নিকমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভি’র খবরে বলা হয়, ১০ মাস বয়সী মেয়ে শিশুটির বাবা-মা দুজনই কর্মজীবী হওয়ায় তাকে পুর্বা প্লে স্কুল অ্যান্ড ডে কেয়ার সেন্টারে রাখা হত।

বৃহস্পতিবার শিশুটির বাবা-মা তাকে নিতে এসে কপালে আঘাতের চিহ্ন দেখতে পায়।

শিশুটির মা রুচিতা এ বিষয়ে প্রিয়াঙ্কার কাছে জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দেননি।

রুচিতা মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, শিশুটিকে নির্যাতনের কারণে এমন হয়ে থাকতে পারে।

এরপর রুচিতা ও তার স্বামী রজত সিনহা খারঘর পুলিশ স্টেশনে এ বিষয়ে লিখিত আভিযোগ দায়ের করেন।

পুলিশ দিবাযত্ন কেন্দ্রটিতে গিয়ে ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। ফুটেজে দেখা যায়, আফসানা শিশুটিকে মারছে, ছুঁড়ে ফেলছে এবং লাথি মারছে। পাশে কয়েকটি শিশু ঘুমিয়ে আছে।

প্রিয়াঙ্কা ও আফসানার বিরুদ্ধে আইপিসি সেকশন ৩২৫ এবং কিশোর অপরাধ আইন-২০০০ এর ২৩ ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে প্রিয়াঙ্কা জামিনে মুক্তি পেলেও আফসানা পুলিশ হেফাজতে রয়েছে।

এ ঘটনার পর মহারাষ্ট্রের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী পঙ্কজ মুন্দে সব ধরনের দিবাযত্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে এনডিটিভি।