২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০

ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2016, 05:43 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

ফার্স বার্তা সংস্থা জানায়, প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রেজা খাব্বাজ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্রেনে কত যাত্রী ছিল তা পরিষ্কার জানা যায়নি। তবে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফার্স।

স্থানীয় সময় শুক্রবার ভোরে রাজধানী তেহরান থেকে ৪০০ কিলোমিটার পুর্বে শাহরূদ শহরের হাফ্ত-খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে উল্টে যাওয়া চারটি বগি দেখা গেছে। এর দুটোতে আগুন জ্বলছিল।

অগ্নিনির্বাপন কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ট করছে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোস্তফা মোর্তাজাভি।

দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধার কাজের গতি ধীর বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় একজন কর্মকর্তা।

দুর্ঘটনার বর্ণনায় মোর্তাজাভি জানান, একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। আরেকটি ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। দুইটি ট্রেনের মধ্যে প্রচণ্ড জোরে সংঘর্ষে দুইটি বগিতে আগুন ধরে যায়।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আসার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।”

কী কারণে এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।