চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে নিহত বেড়ে ৭৪
চীনের পূর্বঞ্চলীয় জিয়াংজি প্রদেশে বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইচুন শহরের ফেংচেং বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুইজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
সিনহুয়া জানিয়েছে, নিহত ৭৪ জনের মধ্যে ৬৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের বয়স ২৩ থেকে ৫৩ বছরের মধ্যে।
সিনহুয়া ওই বিদ্যুৎকেন্দ্রের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য না দিলেও অন্যান্য চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেখানে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের কথা রয়েছে।
গত তিন দশকে অত্যন্ত দ্রুততায় অর্থনৈতিক সমৃদ্ধি পাওয়া চীনে শিল্পক্ষেত্রে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কারণে।
গতবছর বন্দরনগরী তিয়ানজিনে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণে ১৭০ জনের মৃত্যু হয়। আর গত আগস্টে হুবেই প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনে বিস্ফোরণে নিহত হন ২১ জন।
