২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাপকে বিয়ের খবর মিথ্যা’

মালয়েশিয়ার অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মী তার পোষা সাপকে বিয়ে করেছেন, যুক্তরাজ্যের কয়েকটি পত্রিকায় প্রকাশ পাওয়া এই খবর সম্পূর্ণ বানোয়াট বলে জানিয়েছেন আবু জারিন হুসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

বিবিসির খবরে বলা হয়, মালয়েশিয়ার পাহাং রাজ্যের অগ্নিনির্বাপক বাহিনী সদস্য আবু জারিন সাপ ধরা এবং সেটিকে বশে আনার প্রশিক্ষণ দেন।

১০ নভেম্বর যুক্তরাজ্যের ডেইলি মিরর এর খবরে বলা হয়, ‘মৃত বান্ধবী সাপের রূপে ফিরে এসেছে’ এই বিশ্বাস থেকে আবু জারিন একটি সাপকে বিয়ে করেছেন।

ডেইলি মেইল এর অনলাইন সংস্করণেও খবরটি প্রকাশ পায়।

এ বিষয়ে আবু জারিন বিবিসিকে বলেন, এই খবরে তিনি ‘খুবই হতাশ’ হয়েছেন। তার ফেইসবুক থেকে নেওয়া ছবি ব্যবহার করে ওই খবর প্রকাশ করা হয়।

তিনি বলেন, “আমাকে সব সময় সাপ নিয়ে কাজ করতে হয়। আমি অগ্নিনির্বাপক বাহিনীর অন্যান্য সদস্যদে সাপ ধরা এবং সেগুলো নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেই।”

৩১ বছর বয়সী মুসলিম আবু জারিন জানান, তিনি বিবাহিত। পত্রিকায় ওই সব খবর নিয়ে তার স্ত্রী ‘কিছু মনে করেননি’। কারণ ‘তিনি জানেন এগুলো সব ভুয়া খবর’।

মালয়েশিয়ার স্টার পত্রিকাকে আবু জারিন বলেন, “খবরের সঙ্গে প্রকাশ করা ছবিগুলো আমার। তারা আমার ছবি ব্যবহার করে গল্প বানানো শুরু করেছে। তারা বলছে, আমি একটি সাপকে বিয়ে করেছি!”

মূলত থাইল্যান্ডের স্থানীয় কিছু পত্রিকায় আবু জারিনকে নিয়ে প্রথম খবর প্রকাশ পায়। যেখানে কাজ করা একজন ‘ব্রিটিশ সাংবাদিকের মাধ্যমে’ মিরর অনলাইন ওই খবর পায়।

আবু জারিন জানান, তার কাছে বর্তমানে চারটি সাপ রয়েছে। সেগুলোর আচার আচরণ বুঝতে তিনি সাপগুলোকে নিজের সঙ্গে রাখেন।